Bengal Liberty : প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানো সৌজন্যের মধ্যে পড়ে। রাজনৈতিক আঙ্গিকে একে দেখা ঠিক হবে না। সম্প্রতি এক সাক্ষাৎকারে কংগ্রেসকে নিশানা করে এমনই মন্তব্য করতে দেখা গিয়েছে শ্যাম পিত্রোদাকে। ওভারসিজ কংগ্রেসের প্রধান পিত্রোদা বলেন, ‘প্রধানমন্ত্রীকে আমি সম্মান করি। আমাদের দুজনের মধ্যে মত পার্থক্য হল রাজনৈতিক দৃষ্টি কোণ থেকে। ব্যক্তিগত স্তরে আমাদের মধ্যে কোনও দ্বন্দ্ব নেই।
প্রধানমন্ত্রীও একজন গুজরাটি। ফলে শুভেচ্ছা পাঠানোটা একান্ত সৌজন্যের মধ্যে পড়ে।’ এখানেই শেষ নয়, কংগ্রেসকে নিশানা করে পিত্রোদা জানান, কংগ্রেস যদি এই বিষয়টি বিরোধিতা করে বা ইস্যু করে সেটা তাঁদের সমস্যা। তাঁর নয়। প্রধানমন্ত্রী মোদির সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক রাখা মানে এমন নয় যে মোদির রাজনৈতিক সিদ্ধান্তকে মানতে হবে। একইসঙ্গে তিনি মনে করিয়ে দেন, তিনি ১৫ বছর মোদীর সঙ্গে দেখা করেননি। তবে তাঁর মনে হয়েছে, দেওয়ালির শুভেচ্ছা বিনিময়ের ভিত্তিতে সৌজন্যটা দেখানো উচিত ও এক সঙ্গে কাজ করা উচিত। কারণ, উনি দেশের প্রধানমন্ত্রী।


