Nepal
Nepal

Nepal Flood: পচাগলা দেহে ভরছে নদী, নেপালে এবার মহামারীর আশঙ্কা

Bengal Liberty

ভয়াবহ হড়পা বানের ধাক্কা এখনও সামলে উঠতে পারেনি নেপাল। তারমধ্যেই আরও বড় বিপদের আশঙ্কা (Nepal Flood)। মৃতের সংখ্যা প্রায় হাজারের কাছাকাছি, এখনও নিখোঁজ সাড়ে চার হাজারের বেশি মানুষ। উদ্ধার হচ্ছে একের পর এক পচাগলা দেহ। পাশাপাশি মহামারীর আশঙ্কা দেখা দিয়েছে দেশ জুড়ে। গত বুধবার ভয়াবহ হড়পা বান নামে নেপালে। ঘটনার পর প্রায় ছয় দিন কেটে গেলেও বিপর্যয়ের ছাপ স্পষ্ট। নদীতে ভেসে যাচ্ছে মৃতদেহ। দীর্ঘ সময় জলে পড়ে থাকায় বহু দেহ পচে গিয়েছে এবং বিকৃত হয়ে পড়েছে। অনেক ক্ষেত্রেই মৃত চিহ্নিতকরণ অসম্ভব হচ্ছে।

Nepal
Nepal

নদীর জল নিয়ে সতর্কতা Nepal Flood

ভয়াবহ পরিস্থিতিতে সাধারণ মানুষকে সতর্ক করেছে নেপাল প্রশাসন। নদীর জল পান না করার জন্য নির্দেশিকা জারি হয়েছে। পাশাপাশি বন্যা কবলিত এবং নদী তীরবর্তী এলাকা থেকে কোনও খাবার বা পানীয় গ্রহণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। পচনশীল মৃতদেহের কারণে নদীর জল মারাত্মকভাবে দূষিত হতে পারে। সেই জল পান বা ব্যবহারের ফলে বিভিন্ন সংক্রমণ ছড়িয়ে পড়ছে। তাই বিপর্যস্ত এলাকার বাসিন্দাদের বাড়তি সতর্ক থাকতে বলা হয়েছে।

Advertisement
Advertisement

শনাক্ত করা কঠিন মৃতদেহ

নেপালের বিভিন্ন হাসপাতাল ও মর্গে এখন পরিজনদের খোঁজে ভিড় করছেন অসংখ্য মানুষ। হাসপাতালের বাইরে নিখোঁজদের ছবি টাঙানো। নিজেদের প্রিয়জনকে খুঁজে বেড়াচ্ছেন পরিবারের সদস্যরা। মৃতদেহ উদ্ধার হলেও কিছুজনকে শনাক্ত করা গিয়েছে। শনাক্তকরণ সম্ভব না হওয়ায় দেহগুলির ডিএনএ নমুনা সংগ্রহ করে গণকবর দেওয়া হয়েছে।

Advertisement
Advertisement

ফের হড়পা বানের আশঙ্কা

মঙ্গলবার প্রশাসনের তরফে জানানো হয়েছে, বিভিন্ন এলাকায় ফের বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। রয়েছে আকস্মিক হড়পা বানের আশঙ্কাও। পূর্ব, মধ্য ও পশ্চিম নেপালের একাধিক জেলায় সতর্কতা জারি হয়েছে। নুয়াকোট ও রাসুয়া জেলায় হড়পা বানের আশঙ্কা রয়েছে। তাপলেজুং, শঙ্খুয়াসভা, সোলুখুম্বু, খোটাং, ওখালঢুঙ্গা এবং রামেচাপ-সহ বেশ কয়েকটি জেলায় জলস্তর বৃদ্ধি ও আকস্মিক বন্যার মাঝারি ঝুঁকি রয়েছে।

পশ্চিম নেপালের গোর্খা, লামজুং, ডলপা, রুকুম পূর্ব এবং রুকুম পশ্চিমেও সতর্কতা জারি করা হয়েছে। হড়পা বানে প্রিয়জন হারানোর যন্ত্রণা, নিখোঁজদের খোঁজ, মৃতদেহ শনাক্ত করার লড়াই – তারই মাঝে নতুন করে বন্যা ও সংক্রমণের আশঙ্কা। সব মিলিয়ে ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিন কাটছে নেপালের বিস্তীর্ণ এলাকার মানুষের।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury