Bengal Liberty
রাতারাতি বদলে গেল রাস্তার নাম (Netaji)। দীর্ঘদিন ধরে ‘নেতাজি সুভাষচন্দ্র বসু রোড’ নামে পরিচিত রামপুরহাটের প্রায় তিন কিলোমিটার রাস্তার নাম বদলে দেওয়া হয়েছে ‘ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি রোড’। রাস্তার ধারে বসানো হয়েছে গেরুয়া রঙের ফলক। আর এই নামবদল ঘিরেই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। ঘটনায় নাম জড়িয়েছে রামপুরহাটের বিজেপি বিধায়ক ধ্রুব সাহার।

নেতাজির নামে থাকা রাস্তার নাম বদল Netaji
রামপুরহাট পুরসভার পাঁচমাথা মোড় থেকে ঝনঝনিয়া পুল পর্যন্ত রাস্তার নাম দীর্ঘদিন ধরে নেতাজির নামে পরিচিত। সম্প্রতি সেই রাস্তায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে নতুন ফলক বসানো হয়। অনুষ্ঠানের ছবিতে বিধায়কের পাশাপাশি দেখা যায় রামপুরহাট পুরসভার তৃণমূল চেয়ারম্যান সৌমেন ভকতকেও। তবে চেয়ারম্যানের দাবি, পুরসভা রাস্তার নাম পরিবর্তনের কোনও অনুমোদন দেয়নি।

পুরসভা সূত্রে জানা গিয়েছে, বিজেপির তরফে শ্যামাপ্রসাদের নামে রাস্তার নামকরণের জন্য আবেদন জমা পড়েছিল। কিন্তু সেই আবেদন এখনও পুর বোর্ড অনুমোদন করেনি। চেয়ারম্যানের বক্তব্য, নিয়ম মেনে প্রথমে পুর বোর্ডে প্রস্তাব পাশ করতে হয়, পরে রাজ্য প্রশাসনের অনুমোদন প্রয়োজন। ফলে বিধায়ক এককভাবে রাস্তার নাম পরিবর্তন করতে পারেন না। ঘটনার প্রতিবাদে সরব হয়েছে বাম ও কংগ্রেস। সিপিএমের তরফে পুরসভা ও মহকুমাশাসকের কাছে ডেপুটেশন দেওয়া হয়েছে। তাঁদের দাবি, অবিলম্বে রাস্তার পুরনো নাম ফিরিয়ে দিতে হবে। নেতাজির ছবি দিয়ে রামপুরহাট শহরজুড়ে পোস্টারও দেওয়া হয়েছে।
আরও খবর

প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক মিলটন রসিদের দাবি, কোনও রাস্তার নাম পরিবর্তনের অধিকার বিধায়কের নেই। তাঁর অভিযোগ, নেতাজির মতো জাতীয় ব্যক্তিত্বের নামে থাকা রাস্তার নাম বদল করে অন্যায় ও বেআইনি কাজ করা হয়েছে। যদিও বিজেপি বিধায়ক ধ্রুব সাহার দাবি, পুরসভার কোনও নথিতে ওই রাস্তার নাম সংক্রান্ত তথ্য তাঁরা পাননি। তাঁর বক্তব্য, পুর চেয়ারম্যানের উপস্থিতিতেই নামকরণ করা হয়েছে। নেতাজির প্রতি বিজেপির শ্রদ্ধা রয়েছে বলেও দাবি করেছেন তিনি। এদিকে, নতুন ফলক বসানো হলেও রাস্তার বিভিন্ন দোকান ও সরকারি সমবায় সংস্থার বোর্ডে এখনও ‘নেতাজি সুভাষ রোড’ নামই রয়েছে। ফলে রাস্তার নাম পরিবর্তন আদৌ বৈধভাবে হয়েছে কি না, তা নিয়েই এখন জোরদার প্রশ্ন উঠছে।


