Bengal Liberty : সাফাইয়ের গাড়ির ধাক্কায় গুরুতর জখম হয়ে দু’জনের মৃত্যুর ঘটনায় দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ তুলে সরব হলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মৃতদের পরিবারকে আর্থিক সহায়তা, একজনের স্ত্রীকে চাকরি এবং আহতদের চিকিৎসার খরচ বহনের আশ্বাস দিয়েছেন তিনি। একই সঙ্গে দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তির বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবিও জানিয়েছেন মন্ত্রী।
অগ্নিমিত্রা পাল জানান, সাফাইয়ের গাড়ি চালানোর দায়িত্বে থাকা এক কর্মী নিজে গাড়ি না চালিয়ে অন্য এক ব্যক্তিকে দিয়ে গাড়ি চালাচ্ছিলেন বলে অভিযোগ। ওই ব্যক্তির বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না বলেও দাবি করা হয়েছে। তাঁর চালানো গাড়ির ধাক্কায় কয়েকজন গুরুতর জখম হন। তাঁদের মধ্যে অভিজিৎ মৈত্র ও বিশ্বজিৎ সরকারের মৃত্যু হয়।
মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে মন্ত্রী জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে মৃতদের পরিবারকে দু’লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। পাশাপাশি বিশ্বজিৎ সরকারের স্ত্রীকে চাকরি দেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি। মৃতদের সন্তানরা বড় না হওয়া পর্যন্ত তাঁদের পরিবারের দেখভালের দায়িত্ব সরকার নেবে বলেও জানান অগ্নিমিত্রা।
আরও খবর
দুর্ঘটনায় আহত তারক কর্মকার সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তাঁকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী। কাজে যোগ দিতে না পারা পর্যন্ত তাঁর বেতন বাড়িতে পৌঁছে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। অন্যদিকে, সুজিত সরকার গুরুতর অবস্থায় অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন। তাঁকে দেখতে হাসপাতালে যান অগ্নিমিত্রা। চিকিৎসার খরচ নিয়ে যাতে কোনও সমস্যা না হয়, তা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।
এই ঘটনায় দায়ী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনকেও নির্দেশ দিয়েছেন বলে জানান মন্ত্রী। তাঁর বক্তব্য, সরকারি কর্মী হোন বা সাধারণ নাগরিক, প্রত্যেককেই নিজের কাজের জন্য দায়বদ্ধ থাকতে হবে। সরকারি কর্মীদের বেতন সাধারণ মানুষের করের টাকায় হয়। তাই মানুষের প্রতি তাঁদের দায়িত্বও রয়েছে। এই ধরনের দায়িত্বজ্ঞানহীনতার সংস্কৃতি বদলানো জরুরি।
এ দিন বিধায়ক সৌরভ শিকদারেরও প্রশংসা করেন অগ্নিমিত্রা। দুর্ঘটনার পর থেকেই তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে ছিলেন এবং বিষয়টি জানিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করতে সাহায্য করেছেন বলে জানান মন্ত্রী। তাঁর কথায়, সরকারের প্রতিনিধি হিসেবে মানুষের বিপদের সময় দায়িত্ব এড়িয়ে যাওয়ার কোনও সুযোগ নেই। প্রতিশ্রুতি দিলে তা পালনও করতে হবে।


