Bengal Liberty: এসআইআর বাতিল ও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার ধর্মতলার ওয়াই চ্যানেলে এক সভার আয়োজন করেছিল বামেরা। সেই সভা থেকে বাম নেতারা মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সহ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগেন। এদিনের সভায় উপস্থিত ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিআই রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেকে।
এদিন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, এসআইআর-এর মাধ্যমে অবৈধভাবে ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ভোটারদের বাদ দিয়ে কোনওরকম নির্বাচন হতে পারে না। তিনি আরও বলেন, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নির্দেশে পুরো এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তাই এসআইআর প্রক্রিয়ায় যে ভুল হয়েছে, তার দায় তাঁকেই নিতে হবে। মুখ্য নির্বাচন কমিশনার এই দায় কোনওভাবেই এড়াতে পারেন না। বামফ্রন্ট চেয়ারম্যান আরও বলেন, অবিলম্বে এই দায় নিয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে পদত্যাগ করতে হবে।
অন্যদিকে, এদিন একই দাবিতে মৌলালি থেকে ধর্মতলা পর্যন্ত বাম ছাত্র সংগঠনগুলির ছাত্র-ছাত্রী ও যুবরা। এই কর্মসূচিতে এসএফআই-এর পাশাপাশি উপস্থিত ছিল আইসা ও এআইডিএসও’এর নেতৃত্বরা।


