Bengal Liberty : অবশেষে নদীয়ার কালীগঞ্জের বহুল আলোচিত তামান্না খাতুন খুনের মামলায় আদালতে সাক্ষ্য গ্রহণ শুরু হল। আজ, ১২ অক্টোবর কৃষ্ণনগর আদালতে মামলাটির বিচার প্রক্রিয়ার অংশ হিসেবে প্রথম সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়। জানা গিয়েছে, এই মামলায় নাম থাকা মোট ২৪ জন অভিযুক্তকেই এদিন আদালতে হাজির করা হয়েছিল। তবে বিশেষ কারণবশত আজকের সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া সম্পূর্ণ করা সম্ভব হয়নি। বাকি অংশ ১৩ অক্টোবর সম্পন্ন করা বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, কালীগঞ্জে তৃণমূলের বিজয় মিছিল থেকে ছোড়া বোমার আঘাতে মৃত্যু হয়েছিল ছোট্ট তামান্নার। তৃণমূল আমলে সেই ঘটনা নাড়িয়ে দিয়েছিল রাজ্য রাজনীতিকে। তৃণমূলের লোকজন ওই ‘খুনে’ অভিযুক্ত হলেও পুলিশ-প্রশাসন কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ। কিন্তু রাজ্যে পালাবদলের পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জোর গলায় জানিয়েছিলেন, বিচার পাবে ছোট্ট তামান্না। এরপরই পুলিশ-প্রশাসন তৎপর হয়ে ওঠে। অভিযান চালিয়ে বিভিন্ন জায়গা থেকে ওই ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে। এবার কৃষ্ণনগর আদালতে ওই মামলার শুরু হল সাক্ষ্যগ্রহণ।
এদিন আদালতে ডিজিটাল প্রমাণ সংগ্রহের সঙ্গে যুক্ত এক টেকনিক্যাল সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও প্রধান জবানবন্দি নেওয়া হয়। এমনটাই জানিয়েছেন মামলার বিশেষ সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়। এদিন সাক্ষ্যগ্রহণের পর বিভাস চট্টোপাধ্যায় জানান, এই মামলায় প্রযুক্তিগত প্রমাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই টেকনিক্যাল সাক্ষীর মাধ্যমে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।
২০২৫ সালের ২৩ জুন কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণা হয়। তৃণমূল কংগ্রেস ওই আসনে জয়ী হয়েছিল। তাই ওই দিন তৃণমূলের তরফে বিজয় মিছিল হয়েছিল। অভিযোগ, মোলান্দি গ্রামে বোমার আঘাতে মৃত্যু হয় ছোট্ট তামান্নার। ওই ঘটনায় ২৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন তামান্নার মা সাবিনা ইয়াসমিন।


