C.M. Suvendu Adhikari
C.M. Suvendu Adhikari

রাজ্য বার কাউন্সিলের নির্বাচনে ফুটল ‘পদ্ম’, ধুয়ে-মুছে সাফ তৃণমূল

Bengal Liberty : রাজ্য বার কাউন্সিলের নির্বাচনে চেয়ারম্যান পদে পরাজিত হলেন তৃণমূলপন্থী আইনজীবী অশোক দেব। জয়ী হয়েছেন বিজেপি-সমর্থিত আইনজীবী সমীর পাল। সোমবার ময়দানে পূর্ত দফতরের তাঁবু থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্বাচনের ফলাফল নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, রাজ্য বার কাউন্সিলের নির্বাচনে বিজেপি-সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন।

মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, চেয়ারম্যান পদে সমীর পাল পেয়েছেন ১৮টি ভোট। অন্য দিকে, অশোক দেবের ঝুলিতে এসেছে ৮টি ভোট। প্রসঙ্গত, ২০১৬ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা ১০ বছর রাজ্য বার কাউন্সিলের চেয়ারম্যান পদে ছিলেন অশোক দেব। দীর্ঘদিনের সেই দায়িত্বের পর এ বার নির্বাচনে তাঁর পরাজয় ঘিরে আইনজীবী মহলে চর্চা শুরু হয়েছে।

ভাইস চেয়ারম্যান পদেও জয়ী হয়েছেন বিজেপি-সমর্থিত প্রার্থী অজয় চৌবে। তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন বামপন্থী আইনজীবী মিহির বন্দ্যোপাধ্যায়। অন্য দিকে, সর্বভারতীয় বার কাউন্সিলে পশ্চিমবঙ্গের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন আইনজীবী অরুণ সরকার। এই পদে তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন তৃণমূলপন্থী আইনজীবী আনসার আলি মণ্ডল।

এ দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের কয়েক হাজার আইনজীবী তাঁদের প্রতি আস্থা প্রকাশ করেছেন। জয়ী প্রার্থীদের অভিনন্দন জানানোর পাশাপাশি আইনজীবী সমাজের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি। তাঁর বক্তব্য, পুজোর ছুটির পর নবনির্বাচিত বার কাউন্সিলের সঙ্গে আলোচনা করে আইনজীবীদের পরিকাঠামোগত সমস্যার সমাধানে পরিকল্পনা নেওয়া হবে।

নির্বাচনের ফলাফল নিয়ে তৃণমূলকে কটাক্ষও করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “সিপিএমের পা ধরছে তৃণমূল।” পাশাপাশি, নির্বাচনের ফল প্রকাশের পর বিজেপি-সমর্থিত প্রার্থীদের জয় নিয়ে যাঁরা আগে সামাজিক মাধ্যমে নানা পোস্ট করেছিলেন, তাঁদের উদ্দেশে কটাক্ষ করে তিনি বলেন, “আজ রাতটা শোকরাত্রি হিসেবে যাপন করতে।”

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।