Bengal Liberty : মমতাপন্থী বিধায়ক মতিবুর রহমানের নাম করে গভীর রাতে ট্রাক থামিয়ে তোলাবাজির অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে বাংলা-বিহার সীমান্তে। এই ঘটনায় ইতিমধ্যেই চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম ওমর ফারুক, রুবেল আলম, মহম্মদ জয়নুল এবং শোয়েব আক্তার। তারা হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক এলাকার বিভিন্ন গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে। ধৃতরা তাদের অপরাধের কথা স্বীকার করেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। জানা গিয়েছে বিহার সীমান্তবর্তী একটি এলাকায় মালবাহী ট্রাক আটকে টাকা তুলছিল কয়েকজন ব্যক্তি।
বিষয়টি নজরে আসে সেখানে উপস্থিত কয়েকজন ব্যক্তির। তারা খবর দেন ভালুকা ফাঁড়িতে। সেখান থেকে ওসি’র নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে এসে অভিযুক্ত চারজনকে থানায় নিয়ে যায়। ট্রাক চালকরা তাদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, জেরায় ধৃতরা জানাচ্ছেন, মতিবুর রহমানের নির্দেশে তারা ট্রাক আটকে টাকা তুলছিল। যদিও এই ভিডিও’র সত্যতা যাচাই করেনি ‘বেঙ্গল লিবার্টি’। বিধায়ক মতিবুর রহমানের দাবি, তোলাবাজির অভিযোগ ভিত্তিহীন। মদ পাচার হচ্ছিল বলে তা আটকানোর জন্য লোক পাঠিয়েছিলাম।


