Shantanu Thakur
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর

বনগাঁ বিজেপিতে গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে? দলের নেতাদেরই নিশানা শান্তনুর!

মিলন উৎসবের মঞ্চ থেকে শান্তনু ঠাকুরের অভিযোগ, বনগাঁয় বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছেন। অথচ পুলিশ প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করছে না। তাঁর কথায়, “এখানে বিজেপির কর্মীরা মার খাচ্ছেন। যাঁরা মারছে তাঁরা বিজেপি। পুলিশ প্রশাসন চোখ বন্ধ করে আছে। তাঁরা নিরপেক্ষ ভাবে কাজ করছেন না।” কয়েকজন নেতার কথায় প্রশাসন পরিচালিত হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। একই সঙ্গে দলের অভ্যন্তরীণ বিভাজন নিয়েও উদ্বেগ প্রকাশ করেন সাংসদ। তাঁর দাবি, কিছু মানুষ ক্ষমতার অপব্যবহার করে দলেরই নেতা-কর্মীদের উপর প্রভাব খাটাচ্ছেন। এই পরিস্থিতি কোনওভাবেই মেনে নেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি। শান্তনুর কথায়, “এখানে বিভাজন তৈরি হচ্ছে। তার ফলে বিশাল সমস্যার সৃষ্টি হচ্ছে। আমাদের মধ্যে কিছু মানুষ ক্ষমতা ব্যবহার করে বিজেপি কর্মকর্তাদের উপর হাতিয়ার চালাচ্ছেন। আমি বেঁচে থাকতে এটা হতে দেব না।”

বিধানসভা নির্বাচনের পর বিজেপির একাংশের নেতা তৃণমূল নেতাদের আশ্রয় দিচ্ছেন বলেও অভিযোগ উঠেছে। সেই প্রসঙ্গেও কড়া অবস্থান নেন শান্তনু ঠাকুর। তাঁর হুঁশিয়ারি, “তৃণমূলের সবকটা সন্ত্রাসীকে গ্যারেজে না ঢোকানো পর্যন্ত আমি রাজনীতি থেকে ইস্তফা দেব না।”

Dipsikha Mandal
দীপশিখা মণ্ডল

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২০২৩ সালে সাংবাদিকতা জগতে প্রবেশ। ETV ভারত, এক্সপ্রেস নিউজ ঘুরে এখন বেঙ্গল লিবার্টি-তে। বিনোদন, দেশ দুনিয়ার খবরের প্রতি আগ্রহ রয়েছে। ঝোঁক বেশি রাজ্য এবং জেলার খবরে। ফটোগ্রাফিতেও সময় কাটে। অসময়ের সঙ্গী বই আর সিনেমা। নেশার বস্তু কফি, প্রকৃতি আর কবিতা।