Sumit Roy
Sumit Roy

চার মামলায় রক্ষাকবচের আর্জি খারিজ! হাইকোর্টে বড় ধাক্কা অভিষেকের আপ্তসহায়ক সুমিতের

সুমিত রায়ের বিরুদ্ধে জমি দুর্নীতির অভিযোগে পশ্চিম মেদিনীপুরের শালবনি থানায় মামলা দায়ের হয়েছিল। গত সেপ্টেম্বর মাসে সেই মামলাতেই তাঁকে গ্রেফতার করে সিআইডি। তবে তদন্তের পরিধি শুধু শালবনিতেই সীমাবদ্ধ থাকেনি। ডেবরা এবং দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারেও তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে। বিশেষ করে, ডায়মন্ড হারবারের সরিষার আশুতিতে একটি ‘তৃণমূল কার্যালয়’ থেকে টাকা উদ্ধারের মামলায় সুমিতের নাম সামনে আসে। ওই মামলার তদন্তে তাঁকে নিজেদের হেফাজতেও নেয় ডায়মন্ড হারবার পুলিশ। শালবনির মামলা বাদে আরও চারটি মামলায় তাঁকে ‘শোন অ্যারেস্ট’ করা হয়। অর্থাৎ, একটি মামলায় হেফাজতে থাকা অবস্থাতেই অন্য মামলাগুলিতে তাঁকে গ্রেফতার দেখানো হয়।

এই চারটি মামলায় গ্রেফতারির হাত থেকে রক্ষাকবচ চেয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন সুমিত। বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলার শুনানি হয়। সুমিতের হয়ে সওয়াল করেন আইনজীবী শঙ্করায়ন এবং অয়ন ভট্টাচার্য। তাঁরা ওই চারটি মামলায় সুমিতকে রক্ষাকবচ দেওয়ার আবেদন জানান।

অন্যদিকে, রাজ্যের হয়ে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার আদালতে জানান, সুপ্রিম কোর্টে সুমিতের আগাম জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছিল। তার পরেই তাঁকে গ্রেফতার করা হয়। দু’পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি ভট্টাচার্য জানান, এই পরিস্থিতিতে রক্ষাকবচ দিয়ে আর কোনও লাভ নেই। কোনও অন্তর্বর্তী নির্দেশও দেওয়া হবে না বলে স্পষ্ট করে দেন তিনি। ফলে শালবনি বাদে বাকি চারটি মামলায় সুমিতের রক্ষাকবচ পাওয়ার পথ আপাতত বন্ধ হল।

Dipsikha Mandal
দীপশিখা মণ্ডল

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২০২৩ সালে সাংবাদিকতা জগতে প্রবেশ। ETV ভারত, এক্সপ্রেস নিউজ ঘুরে এখন বেঙ্গল লিবার্টি-তে। বিনোদন, দেশ দুনিয়ার খবরের প্রতি আগ্রহ রয়েছে। ঝোঁক বেশি রাজ্য এবং জেলার খবরে। ফটোগ্রাফিতেও সময় কাটে। অসময়ের সঙ্গী বই আর সিনেমা। নেশার বস্তু কফি, প্রকৃতি আর কবিতা।