Brazil Vs Singapore
Brazil Vs Singapore

ভিনিসিয়াসের হ্যাটট্রিক, গোলের বন্যায় সিঙ্গাপুরকে ৭-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল!

Bengal Liberty : আন্তর্জাতিক ফুটবলের মঞ্চে ব্রাজিল মানেই অন্যরকম উন্মাদনা। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের পায়ের জাদু দেখতে মুখিয়ে থাকেন গোটা বিশ্বের ফুটবলপ্রেমীরা। তবে সাম্প্রতিক সময়ে পারফরম্যান্সে কিছুটা ওঠানামা দেখা গেলেও সিঙ্গাপুরের বিরুদ্ধে নিজেদের পুরনো ছন্দে ফিরল সেলেসাওরা। মঙ্গলবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সিঙ্গাপুরকে কার্যত দাঁড়াতেই দিল না ব্রাজিল। প্রতিপক্ষের জালে একে একে সাতটি গোল করে ৭-০ ব্যবধানে দুরন্ত জয় তুলে নিল কার্লো আনচেলত্তির দল। আর এই জয়ের অন্যতম নায়ক রিয়াল মাদ্রিদের তারকা ভিনিসিয়াস জুনিয়র।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে ব্রাজিল। খেলার মাত্র ৯ মিনিটেই ব্রুনো গিমারায়েসের পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন ভিনিসিয়াস জুনিয়র। এরপর ১৫ মিনিটে এন্দ্রিকের সহযোগিতায় নিজের এবং দলের দ্বিতীয় গোলটি করেন তিনি। সিঙ্গাপুরের রক্ষণভাগ তখন কার্যত দিশেহারা। এর মধ্যেই ২১ মিনিটে এস্তেভাওয়ের দুরন্ত পাস থেকে নিজের তৃতীয় গোলটি করে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন রিয়াল মাদ্রিদের এই তারকা ফুটবলার।

তবে এখানেই থেমে থাকেনি ব্রাজিলের গোলের উৎসব। ৩১ মিনিটে বক্সের বাইরে থেকে দুরন্ত শটে সিঙ্গাপুরের জালে বল জড়িয়ে দেন এন্দ্রিক। ফলে প্রথমার্ধের শেষেই ৪-০ গোলে এগিয়ে যায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই একইভাবে আক্রমণ চালিয়ে যায় ব্রাজিল। ৫১ মিনিটে এস্তেভাওয়ের শট সিঙ্গাপুরের এক ফুটবলারের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়িয়ে যায়। ফলে ব্যবধান বেড়ে দাঁড়ায় ৫-০। এরপর ৬৫ মিনিটে সিঙ্গাপুরের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে গোল করেন রায়ান। এরপর ৭৪ মিনিটে অ্যালানের শট সিঙ্গাপুরের ডিফেন্ডার রাউল সুহাইমির গায়ে লেগে নিজেদের জালেই ঢুকে যায়। ফলে ম্যাচের স্কোরলাইন দাঁড়ায় ৭-০। শেষ পর্যন্ত আর কোনও গোল না হওয়ায় সাত গোলের বিশাল ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

উল্লেখ্য, এর আগে জাপানের বিরুদ্ধে ৩-২ গোলে পরাজয়ের মুখ দেখতে হয়েছিল ব্রাজিলকে। সেই ম্যাচে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করতে গিয়ে লাল কার্ড দেখেছিলেন কোচ কার্লো আনচেলত্তি এবং অধিনায়ক রাফিনিয়া। ফলে সিঙ্গাপুরের বিরুদ্ধে গ্যালারিতে বসেই দলকে খেলতে দেখতে হয় আনচেলত্তিকে। তবে তাঁর অনুপস্থিতিতেও দলের পারফরম্যান্সে কোনও প্রভাব পড়েনি। সব মিলিয়ে সিঙ্গাপুরের বিরুদ্ধে এই ৭-০ গোলের জয় ব্রাজিলের আত্মবিশ্বাস অনেকটাই বাড়াবে। বিশেষ করে ভিনিসিয়াস, এন্দ্রিক, এস্তেভাও এবং রায়ানের মতো তরুণ ও তারকা ফুটবলারদের পারফরম্যান্স আগামী দিনের জন্য আশার আলো দেখাচ্ছে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।