India Vs West Indies 4th T20
India Vs West Indies 4th T20

সিরিজ জয়ের হাতছানি ভারতের সামনে, ঘুরে দাঁড়াতে মরিয়া ক্যারিবিয়ানরা

Bengal Liberty : দেবীপক্ষের আবহে ক্রিকেটের ২২ গজে জমে উঠেছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের টি-২০ সিরিজ। পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে ইতিমধ্যেই ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারতীয় দল। তৃতীয় টি-২০ ম্যাচে ইন্দোরে ক্যারিবিয়ানদের ১৪ রানে হারিয়ে সিরিজে এগিয়ে গিয়েছে টিম ইন্ডিয়া। এবার লক্ষ্য চতুর্থ টি-২০ ম্যাচ জিতে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিজেদের পকেটে পুরে নেওয়া। অন্যদিকে, সিরিজে টিকে থাকতে এই ম্যাচে জয় ছাড়া অন্য কোনও রাস্তা খোলা নেই ওয়েস্ট ইন্ডিজের সামনে। ফলে বুধবার হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই দলের লড়াই ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে।

সিরিজ জয়ের লক্ষ্যে টিম ইন্ডিয়া

তৃতীয় টি-২০ ম্যাচে ব্যাটে-বলে দুরন্ত পারফরম্যান্স করে জয় ছিনিয়ে নিয়েছে ভারত। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ২২৩ রান তোলে ভারতীয় দল। ওপেনার অভিষেক শর্মার বিধ্বংসী ৩০ বলে ৬৯ রানের ইনিংস ভারতের বড় রান তোলার ভিত গড়ে দেয়। এরপর ২২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ২০ ওভারে ২০৯/৭ রানে থেমে যায়। ভারতের হয়ে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অর্শদীপ সিং। তাঁর তিনটি উইকেট ক্যারিবিয়ানদের রান তোলার গতি থামিয়ে দেয়।

অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজকে হালকাভাবে নেওয়ার কোনও সুযোগ নেই ভারতের সামনে। সিরিজে পিছিয়ে থাকলেও ব্যাট হাতে নিজেদের শক্তির পরিচয় দিয়েছে ক্যারিবিয়ানরা। বিশেষ করে দ্বিতীয় টি-২০ ম্যাচে ভারতের ২৪৯ রানের লক্ষ্য তাড়া করে জয় ছিনিয়ে নেওয়া প্রমাণ করে দিয়েছে, বড় রান করেও ওয়েস্ট ইন্ডিজকে আটকানো কতটা কঠিন।

চতুর্থ টি-২০ ম্যাচ আয়োজিত হবে হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এই মাঠে সাধারণত ব্যাটাররা সুবিধা পেয়ে থাকেন। ফলে দুই দলের বিধ্বংসী ব্যাটিং লাইনআপের কথা মাথায় রেখে বড় রানের ম্যাচ দেখার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে পিচের প্রকৃত চরিত্র এবং ম্যাচের দিনের পরিস্থিতির উপর অনেক কিছু নির্ভর করবে।

India Vs West Indies 4th T20
India Vs West Indies 4th T20

ভারতের বোলারদের সামনে বড় চ্যালেঞ্জ হতে চলেছে ওয়েস্ট ইন্ডিজের পাওয়ার হিটারদের নিয়ন্ত্রণে রাখা। অন্যদিকে, ক্যারিবিয়ান বোলারদেরও অভিষেক শর্মাদের আগ্রাসী ব্যাটিং সামলাতে হবে। পাওয়ারপ্লে-তে উইকেট তুলে নেওয়া এবং ডেথ ওভারে রান আটকে রাখাই ম্যাচের ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। অধিনায়ক শ্রেয়াস আইয়ারের জুলিতে আরেকটি সিরিজ জয়? নাকি আবারও চমক দেখাবে ক্যারিবিয়ানরা? জমজমাট চতুর্থ টি২০ ম্যাচের আগে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।