Bengal Liberty : বেশ কিছুদিন ধরেই আর্থিক সমস্যায় জর্জরিত শতাব্দীপ্রাচীন ফুটবল ক্লাব মহামেডান স্পোর্টিং। নানা ওঠাপড়ার পরেও লড়াই চালিয়ে যাচ্ছিল মহামেডান। স্পনসর, বিদেশি খেলোয়াড় ও প্রধান কোচ ছাড়াই সহকারী কোচের তত্ত্বাবধানে ইন্ডিয়ান ফুটবল লিগে অংশগ্রহণ করেছিল মহামেডান। তবে আইএফএলের শুরু থেকেই জয়ের মুখ দেখেনি সাদা-কালো বাহিনী। চারটি ম্যাচের মধ্যে চারটিতেই শোচনীয় পরাজয়ের মুখে পড়তে হয়েছে ময়দানের তৃতীয় প্রধানকে। ধারাবাহিক পরাজয় এবং আর্থিক অনটনের জেরে শেষ পর্যন্ত আইএফএল থেকে দল তুলে নিল মহামেডান স্পোর্টিং।
সূত্রের খবর, শুক্রবার সাংবাদিক বৈঠক করে একাধিক সমস্যার কথা তুলে ধরেন ক্লাব কর্তৃপক্ষ। কেন তাঁরা চলতি প্রতিযোগিতা থেকে দল তুলে নিতে একপ্রকার বাধ্য হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যাও দেন তাঁরা।
সাংবাদিক বৈঠকের পরেই সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) সভাপতি কল্যাণ চৌবেকে ইমেল করে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়েছেন মহামেডান কর্তৃপক্ষ। শতাব্দীপ্রাচীন ক্লাব হওয়া সত্ত্বেও আইএফএলে অংশগ্রহণের ফি পর্যন্ত দিতে পারেনি তারা। এই নিয়ে ক্লাব কর্তৃপক্ষ ও সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের মধ্যে দীর্ঘ টানাপড়েন চললেও শেষ পর্যন্ত কোনও সমাধানসূত্র মেলেনি। মহামেডানের এই সিদ্ধান্তের জেরে ভারতীয় ফুটবল তথা বাংলার ফুটবলের ইতিহাসে শুক্রবার দিনটি এক অন্ধকার অধ্যায় হিসেবেই চিহ্নিত হয়ে রইল।
আরও খবর
কলকাতা ময়দানের তিন প্রধানের অন্যতম মহামেডান স্পোর্টিং বরাবরই প্রতিপক্ষকে কঠিন লড়াইয়ের মুখে ফেলেছে। কিন্তু বেশ কিছুদিন ধরেই নেতিবাচক কারণে বারবার খবরের শিরোনামে উঠে আসছিল মহামেডানের নাম।
নওদার বিধায়ক তথা আম জনতা পার্টির সভাপতি হুমায়ুন কবিরকে ক্লাবের সভাপতি করা হয়েছিল। কিন্তু একাধিক চেক বাউন্সের অভিযোগ ওঠার পর তাঁর সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেন মহামেডান কর্তৃপক্ষ। আইএসএলে খেললেও খারাপ পারফরম্যান্সের কারণে ফের আইএফএলে নেমে যায় মহামেডান। এখন প্রশ্ন একটাই, সমস্ত প্রতিকূলতা ও জটিলতা কাটিয়ে আবারও কি ভারতীয় ফুটবলের মূলস্রোতে ফিরতে পারবে বাংলার এই শতাব্দীপ্রাচীন ক্লাব? সেই উত্তরের অপেক্ষাতেই রয়েছেন অগণিত সাদা-কালো সমর্থক।


