Chennaiyin FC VS Mumbai City FC
Chennaiyin FC VS Mumbai City FC

তিন ম্যাচ অপরাজিত চেন্নাইয়িন, প্রথম জয়ের খোঁজে মুম্বই সিটি! আজ মুখোমুখি দুই প্রাক্তন চ্যাম্পিয়ন!

Bengal Liberty : আজ ইন্ডিয়ান সুপার লিগের (ISL) মঞ্চে হাইভোল্টেজ লড়াইয়ে মুখোমুখি হতে চলেছে চেন্নাইয়িন এফসি বনাম মুম্বই সিটি এফসি। শনিবার ২৮ নভেম্বর চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে আয়োজিত হতে চলেছে এই ম্যাচ। একদিকে টানা তিন ম্যাচ অপরাজিত থেকে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে চেন্নাইয়িন, অন্যদিকে চলতি মরশুমে এখনও পর্যন্ত প্রথম জয়ের সন্ধানে রয়েছে মুম্বই সিটি। ফলে দুই দলের কাছেই এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

চলতি মরশুমে এখনও পর্যন্ত প্রত্যাশিত ছন্দে নিজেদের মেলে ধরতে পারেনি মুম্বই সিটি। ছয়টি ম্যাচ খেলে এখনও পর্যন্ত কোনও জয় পায়নি তারা। গত ম্যাচে বেঙ্গালুরু এফসির কাছে ২-০ গোলে পরাজিত হতে হয়েছিল মুম্বইকে। বর্তমানে মাত্র দুই পয়েন্ট নিয়ে লিগ টেবিলের নিচের দিকে রয়েছে দলটি। ফলে আজকের ম্যাচে জয় তুলে নিয়ে ঘুরে দাঁড়ানোই প্রধান লক্ষ্য কোচ আশভির সিং জোহালের দলের।

অন্যদিকে, সাম্প্রতিক সময়ে যথেষ্ট ভালো ছন্দে রয়েছে চেন্নাইয়িন এফসি। শেষ তিনটি ম্যাচে অপরাজিত রয়েছে তারা। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ৫-৩ গোলের দুরন্ত জয় তুলে নেওয়ার পাশাপাশি কেরালা ব্লাস্টার্স এবং পাঞ্জাব এফসির বিরুদ্ধে ড্র করেছে চেন্নাইয়ের দলটি। বর্তমানে ছয় ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে লিগ টেবিলের অষ্টম স্থানে রয়েছে তারা। ঘরের মাঠে সমর্থকদের সামনে আরও একটি জয় তুলে নেওয়াই প্রধান লক্ষ্য কোচ ক্লিফোর্ড মিরান্ডার।

তবে মুম্বই সিটিকে কোনওভাবেই হালকাভাবে নিতে নারাজ চেন্নাইয়িন শিবির। কারণ, প্রতিপক্ষের দলে একাধিক প্রতিভাবান ফুটবলার রয়েছেন। অন্যদিকে, মুম্বইয়ের আক্রমণভাগে পিএন নৌফালের মতো ফুটবলারের উপস্থিতি চেন্নাইয়িনের রক্ষণভাগের কাছে বড় চ্যালেঞ্জ হতে পারে। পাশাপাশি দুই দলের মাঝমাঠের লড়াইও ম্যাচের ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সব মিলিয়ে একদিকে অপরাজিত থাকার ধারা বজায় রাখার লড়াই, অন্যদিকে মরশুমের প্রথম জয়ের সন্ধান। দুই প্রাক্তন আইএসএল চ্যাম্পিয়নের এই লড়াইয়ে শেষ হাসি কে হাসে, এখন সেটাই দেখার।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।