Bengal Liberty
উত্তরবঙ্গে ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস (Heavy Rain Alert)। মৌসুমী বায়ু এবং ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী ৩ থেকে ৫ আগস্ট উত্তরবঙ্গের একাধিক জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ৪ আগস্ট দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনায় লাল সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, উপ-হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ ও পার্শ্ববর্তী এলাকায় প্রায় ৩.১ কিলোমিটার উচ্চতায় একটি ট্রাফ ও ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর পাশাপাশি বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢোকায় উত্তরবঙ্গে ভারী বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

৪ আগস্ট ৩ জেলায় লাল সতর্কতা Heavy Rain Alert
৪ আগস্ট দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ২০ সেন্টিমিটারের বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই তিন জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা। কালিম্পং ও কোচবিহারে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ৩ ও ৫ আগস্ট দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
আরও খবর

পাহাড়ে ধসের আশঙ্কা
টানা বৃষ্টির জেরে দার্জিলিং ও কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে। একইসঙ্গে তিস্তা, তোর্ষা, জলঢাকা ও রায়ডাক সহ উত্তরবঙ্গের একাধিক নদীর জলস্তর দ্রুত বৃদ্ধি পেতে পারে। নিচু এলাকাগুলিতে জল জমা ও প্লাবনের আশঙ্কাও রয়েছে। ক্ষতির মুখে পড়তে পারে কাঁচা বাড়ি, কাঁচা রাস্তা এবং কৃষিজমি।

বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ
কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আপাতত টানা ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং দমকা হাওয়ার দাপট থাকবে। বুধবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধবার বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর ৬ ও ৭ আগস্ট দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে।
গত ২৪ ঘণ্টায় কোথায় কত বৃষ্টি?
আবহাওয়া দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে আলিপুরদুয়ারে—২১ সেন্টিমিটার। কোচবিহারের মাথাভাঙায় ১৫ সেন্টিমিটার, জলপাইগুড়ির দোমোহনীতে ১৩ সেন্টিমিটার এবং দার্জিলিংয়ের চম্পাসারিতে ১১ সেন্টিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদের জঙ্গিপুরে ১০ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে।


