Bengal Liberty: সপ্তাহান্তের শুরুতেই ফের দুর্যোগের মেঘ রাজ্যের আকাশে (Weather)। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, পূর্ব বাংলাদেশ সংলগ্ন ঘূর্ণাবর্ত এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকায় উত্তর থেকে দক্ষিণবঙ্গ—সর্বত্রই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কায় জারি করা হয়েছে হলুদ ও কমলা সতর্কতা।

উত্তরবঙ্গের আবহাওয়া (Weather)
উত্তরবঙ্গে বৃষ্টির দাপট সবচেয়ে বেশি থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার—এই পাঁচটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির (৭ থেকে ২০ সেন্টিমিটার) পূর্বাভাস থাকায় ‘কমলা সতর্কতা’ জারি করেছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলোতেও ভারী বৃষ্টির (৭ থেকে ১০ সেন্টিমিটার) জন্য ‘হলুদ সতর্কতা’ দেওয়া হয়েছে। তবে আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী, সোমবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে।
আরও খবর

দক্ষিণবঙ্গের পরিস্থিতি
দক্ষিণবঙ্গে সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির (৭ থেকে ১১ সেন্টিমিটার) সম্ভাবনা থাকায় এই তিন জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া নদিয়া ও মুর্শিদাবাদেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতার আকাশ মেঘলা থাকবে এবং শহরতলি সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।

মৎস্যজীবীদের জন্য সতর্কতা
আবহাওয়া খারাপ থাকায় সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে। সেই কারণে মৎস্যজীবীদের আজ এবং আগামী কয়েকদিন সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় কলকাতায় ১২.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তাপমাত্রার খুব একটা হেরফের না হলেও, ঝড়বৃষ্টির প্রভাবে ভ্যাপসা গরম কিছুটা কমতে পারে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দফতর।
আরও পড়ুন:
https://bengalliberty.com/2026/07/12/india-vs-england-6/


