অভিযুক্তকে ধরতে গিয়ে গুলিতে জখম কনস্টেবল, চাঞ্চল্য শান্তিনিকেতনে
অভিযুক্তকে ধরতে গিয়ে গুলিতে জখম কনস্টেবল, চাঞ্চল্য শান্তিনিকেতনে

অভিযুক্তকে ধরতে গিয়ে গুলিতে জখম কনস্টেবল, চাঞ্চল্য শান্তিনিকেতনে

Bengal Liberty : এক অভিযুক্তকে ধরতে গিয়ে তার গুলিতে জখম হলেন এক পুলিশ কনস্টেবল। শান্তিনিকেতন থানার এই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। আহত পুলিশকর্মীকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলা চালিয়ে অভিযুক্ত চম্পট দিলেও তার খোঁজে জোর তল্লাশি চালাচ্ছে পুলিশ। ঘটনার খবর পেয়েই বোলপুর মহকুমা হাসপাতালে পৌঁছেছে বিশাল পুলিশবাহিনী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন নির্দিষ্ট এক অভিযুক্তের খোঁজে তার বাড়িতে যায় পুলিশ দল। নিয়মমাফিক তার নাম ধরে ডাকতেই আচমকা বাড়ি থেকে বেরিয়ে সরাসরি গুলি চালায় ওই অভিযুক্ত।

সেই গুলি গিয়ে লাগে শান্তিনিকেতন থানার কনস্টেবল বিশ্বজিৎ দাসের পায়ে। জখম অবস্থায় তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত, অভিযুক্ত পলাতক রয়েছে এবং পুলিশ তাকে ধরতে তল্লাশি শুরু করেছে।এই ঘটনায় স্বাভাবিকভাবেই বোলপুরের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। জনগণের বক্তব্য, শুধু রাজনৈতিক নেতা নন, সাধারণ মানুষ ও পর্যটকদের নিরাপত্তা নিয়েও বারবার প্রশ্ন উঠছে। মাস দেড়েক আগেই বোলপুর শহরে প্রকাশ্যে গুলি চালিয়ে খুন করা হয়েছিল এক বিজেপি নেতাকে। আর এবার খোদ পুলিশের ওপর হামলার ঘটনা ঘটল।

বোলপুরের মতো একটি গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ক্ষোভ উগরে দিয়ে স্থানীয়রা বলছেন, শান্তিনিকেতন ও বোলপুর—এই দুটি থানাকে কেন্দ্র করে পুরো শহর পরিচালিত হয়। এমনকি খোদ এসডিপিও এবং অ্যাডিশনাল এসপি-র মতো উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা বোলপুর শহরেই থাকেন। তা সত্ত্বেও এমন ঘটনা কেন ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠছে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।