Bengal Liberty:
টানা দু’দিনের বৈঠক শেষে একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করল সিপিআইএমের পলিট ব্যুরো। ৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলে পলিট ব্যুরোর বৈঠক। বৈঠক শেষে ৬ সেপ্টেম্বর প্রকাশিত হয় দলের পলিট ব্যুরো কমিউনিক। জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে অযোধ্যার রাম মন্দিরের অনুদান নিয়ে দুর্নীতির অভিযোগ, সরকার-বিরোধী আন্দোলন, দেশের অর্থনৈতিক পরিস্থিতি সহ —একাধিক বিষয় নিয়ে বৈঠকে আলোচনা ও পর্যবেক্ষণ তুলে ধরেছে দল।

জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ নিয়ে উদ্বেগ CPIM
আরও খবর
সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে নেপালে প্রাণহানিতে শোকপ্রকাশের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে উদ্বেগ জানিয়েছে সিপিএম। পরিবেশ ধ্বংসের জন্য কর্পোরেট স্বার্থকে দায়ী করেছে দল। হিমবাহ গলা, বন্যা, অনাবৃষ্টি ও খরার মতো পরিস্থিতি মোকাবিলায় কার্যকর পদক্ষেপের দাবি জানানো হয়েছে।
রাম মন্দিরের অনুদান নিয়ে দুর্নীতির অভিযোগ
অযোধ্যার রাম মন্দিরের অনুদান তছরুপের অভিযোগকে ‘বড় দুর্নীতি কেলেঙ্কারি’ বলে দাবি করেছে পলিট ব্যুরো। অভিযুক্তদের বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছে তারা।
সরকার-বিরোধী আন্দোলনকে সমর্থন CPIM
১০ আগস্ট শ্রমিক, কৃষক ও কৃষি শ্রমিক সংগঠনগুলির ডাকা আন্দোলন এবং প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে ছাত্র-যুবদের বিক্ষোভকে অভিনন্দন জানিয়েছে সিপিএম। দলের দাবি, এই আন্দোলনগুলি দেখাচ্ছে সাধারণ মানুষ, বিশেষত যুব সমাজ, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদে আর ভয় পাচ্ছে না।
‘দিমাগি নকশাল’ মন্তব্যে আপত্তি
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘দিমাগি নকশাল’ মন্তব্যের তীব্র সমালোচনা করেছে পলিট ব্যুরো। সিপিএমের অভিযোগ, গণতান্ত্রিক বিরোধিতাকে কলঙ্কিত করতেই এই ধরনের শব্দ ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি বিরোধী আন্দোলন দমনের অভিযোগ তুলে গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার রক্ষার ডাক দিয়েছে দল।
অর্থনীতি নিয়ে কেন্দ্রকে আক্রমণ CPIM
২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে ৭.৮ শতাংশ GDP বৃদ্ধির পরিসংখ্যান নিয়েও প্রশ্ন তুলেছে সিপিএম। তাদের দাবি, এই বৃদ্ধির ছবির আড়ালে কৃষি সঙ্কট, বেকারত্ব, মূল্যবৃদ্ধি ও সাধারণ মানুষের আর্থিক দুর্দশা চাপা পড়ছে।
কর্পোরেট সুবিধা ও ক্রোনিইজমের অভিযোগ
বিভিন্ন সরকারি ইনসেনটিভ প্রকল্পের মাধ্যমে কর্পোরেট সংস্থাগুলিকে সুবিধা দেওয়ার অভিযোগ তুলেছে পলিট ব্যুরো। IBC ২০১৬ বাতিল করে খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নতুন আইন তৈরির দাবি জানিয়েছে দল।

জনগণনা ও জাতিগত তথ্য নিয়েও প্রশ্ন CPIM
২০২৭-এর জনগণনার পদ্ধতি, ব্যক্তিগত তথ্যের ব্যবহার এবং ভবিষ্যৎ রাজনৈতিক প্রতিনিধিত্বের ওপর এর প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সিপিএম। জাতিগত জনগণনার বর্তমান পদ্ধতিতেও সঠিক তথ্য পাওয়া নিয়ে সংশয় জানিয়েছে দল।
জাতিগত বৈষম্যের অভিযোগ
দলিত, আদিবাসী ও অন্যান্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ তুলে সরব হয়েছে পলিট ব্যুরো। IIT মাণ্ডির একটি পোস্টারের প্রসঙ্গ তুলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

আন্তর্জাতিক সংঘাত ও ফিলিস্তিন প্রসঙ্গ CPIM
পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সিপিএম। আসন্ন BRICS সম্মেলনের আয়োজক হিসেবে ভারতকে মার্কিন আগ্রাসনের বিরোধিতা এবং ফিলিস্তিন, ইরান ও কিউবার পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে দল।
‘সংশোধন অভিযান’ নিয়েও আলোচনা
দলের সাংগঠনিক ‘রেক্টিফিকেশন ক্যাম্পেইন’নিয়েও পলিট ব্যুরোর বৈঠকে আলোচনা হয়েছে। গণসংযোগ বা ‘মাস লাইন’ আরও শক্তিশালী করা এবং দলীয় স্তরে যৌথভাবে কাজের পদ্ধতি জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ পর্যটক পরিবারের উপর হামলা! মন্দারমণির ঘটনায় সরব প্রদেশ কংগ্রেস


