Bengal Liberty : নৈহাটিতে ফের রাজনৈতিক উত্তেজনা। চলন্ত বাইকে বিজেপির এক বুথ সভাপতিকে ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠল (Naihati)। সাহেব কলোনি মোড় থেকে বাড়ি ফেরার পথে পাওয়ার হাউজ মোড়ের কাছে আক্রান্ত হন ২৩ নম্বর ওয়ার্ডের ১৭৪ নম্বর বুথ সভাপতি প্রসেনজিৎ ব্যানার্জি। ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বিজেপি (Naihati)।

চলন্ত বাইকেই হামলার অভিযোগ (Naihati)
অভিযোগ, অন্য একটি বাইকে এসে এক যুবক আচমকাই প্রসেনজিৎকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এরপর দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত। হামলায় আহত হন ওই বিজেপি কর্মী। তাঁর দাবি, হামলাকারী অভিজিৎ সাউ নৈহাটির প্রাক্তন বিধায়ক সনৎ দের ঘনিষ্ঠ। ঘটনার পর নৈহাটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রসেনজিৎ।অভিযোগ পাওয়ার পরই ঘটনার তদন্ত শুরু করেছে নৈহাটি থানার পুলিশ। হামলার নেপথ্যে কী কারণ, অভিযুক্তের সঙ্গে রাজনৈতিক যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশের উপর আস্থা, কড়া বার্তা বিধায়কের (Naihati)
ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন নৈহাটির বিধায়ক। তাঁর অভিযোগ, তৃণমূল ক্ষমতা হারালেও পুরনো রাজনৈতিক সংস্কৃতি থেকে এখনও বেরোতে পারেনি। তাঁর কথায়, “তৃণমূল সবে মাত্র ক্ষমতাচ্যুত হয়েছে, তাই পুরনো অভ্যাস থেকে এখনও বেরোতে পারেনি। এখনও ভাবছে তারা ক্ষমতায় আছে। সেই কারণেই তো আমাদের সরকার গুন্ডাদমন আইন এনেছে।” পাশাপাশি তিনি জানান, ঘটনার বিষয়ে থানায় অভিযোগ হয়েছে এবং পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে। রাজনৈতিক অভিযোগ-পাল্টা অভিযোগের মধ্যেই এখন পুলিশের তদন্তের দিকেই নজর। অভিযুক্তের বিরুদ্ধে কী পদক্ষেপ করা হয়, সেটাই দেখার।
আরও খবর
আরও পড়ুন :
https://bengalliberty.com/2026/08/27/west-bengal-state-university/


