Bengal Liberty : অনলাইন গেমিংয়ের সূত্রেই পরিচয়। দীর্ঘদিন একসঙ্গে PUBG খেলতে খেলতেই ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল দু’জনের। কিন্তু সেই সম্পর্কের পরিণতি শেষ পর্যন্ত খুন! বরানগরে তরুণী অঞ্জলি সাউ হত্যাকাণ্ডের তদন্তে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। শনিবার ভিনরাজ্য থেকে ধৃত ধরমবীর কুমারকে কলকাতায় নিয়ে এসে ব্যারাকপুর আদালতে পেশ করে পুলিশ। তাঁকে জেরা করেই খুনের প্রকৃত কারণ জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
পুলিশ সূত্রে খবর, প্রায় তিন বছর আগে অনলাইন গেমিংয়ের মাধ্যমেই অঞ্জলি ও ধরমবীরের পরিচয় হয়েছিল। PUBG খেলতে গিয়েই দু’জনের আলাপ। দীর্ঘদিন ধরে একসঙ্গে দল তৈরি করে ওই গেম খেলতেন তাঁরা। ধীরে ধীরে সেই পরিচয় ঘনিষ্ঠ সম্পর্কে পরিণত হয়। কিন্তু কী কারণে সেই সম্পর্কের এমন পরিণতি হল, তা নিয়েই এখন ধোঁয়াশা। তদন্তকারীদের অনুমান, অঞ্জলির অনলাইন গেমিং অ্যাকাউন্টে বেশ কিছু টাকা জমা ছিল। সেই টাকা ভাগাভাগি নিয়ে দু’জনের মধ্যে কোনও বিবাদ তৈরি হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
ভিনরাজ্য থেকে কলকাতায় নিয়ে আসার পথেও ধরমবীরকে দফায় দফায় জেরা করেন তদন্তকারীরা। কিন্তু কেন অঞ্জলিকে খুন করেছেন, সেই প্রশ্নের সরাসরি উত্তর এড়িয়ে যাচ্ছেন ধৃত বলে পুলিশ সূত্রে খবর। ফলে গেমিং অ্যাকাউন্টের টাকা নিয়ে বিবাদ, নাকি ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন—কোন কারণে এই হত্যাকাণ্ড, তা এখনও স্পষ্ট নয়।
আরও খবর
প্রসঙ্গত, গত মঙ্গলবার বরানগর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের শীতলামাতা লেনের একটি বহুতলের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ২৬ বছর বয়সি অঞ্জলি সাউয়ের দেহ। তিনি ডানলপের বাসিন্দা ছিলেন। ওই ফ্ল্যাটটি তাঁর জামাইবাবুর। বেশ কিছুদিন ধরে স্ত্রীকে নিয়ে শ্রীরামপুরে থাকছিলেন তিনি। মাঝেমধ্যে বরানগরের ওই ফ্ল্যাটে আসতেন অঞ্জলি।
তদন্তে পুলিশ জানতে পারে, অঞ্জলির ফ্ল্যাটে ধরমবীরের প্রবেশ থেকে শুরু করে বিকেলে সেখান থেকে বেরিয়ে যাওয়া পর্যন্ত গোটা ঘটনাক্রম রাস্তার সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। সেই ফুটেজ খতিয়ে দেখেই অভিযুক্তকে চিহ্নিত করেন তদন্তকারীরা। প্রথম থেকেই পুলিশের সন্দেহ ছিল, অঞ্জলির পরিচিত কেউ এই খুনের সঙ্গে জড়িত থাকতে পারে। অবশেষে দিল্লির আনন্দ বিহার স্টেশন থেকে ধরমবীর কুমারকে গ্রেফতার করা হয়।
শনিবার ব্যারাকপুর আদালতে ধৃতকে পেশ করে ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানান তদন্তকারীরা। পাশাপাশি ঘটনার পুনর্নির্মাণেরও পরিকল্পনা রয়েছে পুলিশের। অঞ্জলিকে কেন খুন করা হল? গেমিং অ্যাকাউন্টে জমে থাকা টাকা নিয়েই কি বিবাদের সূত্রপাত? নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও ব্যক্তিগত কারণ? ধৃতকে জেরা করে সেই সব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা।


