Shobhabazar House Collapse: উত্তর কলকাতায় পুরনো বাড়ির অংশ ভেঙে আতঙ্ক

Bengal Liberty

শুক্রবার দুপুরে আচমকাই উত্তর কলকাতার শোভাবাজারে একটি পুরনো বাড়ির বারান্দা ও ছাদের একাংশ ভেঙে যায় (Shobhabazar House Collapse)। বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। দুর্ঘটনার সময় বাড়ির ভিতরে ছিলেন দুই বাসিন্দা। স্থানীয় বাসিন্দারাই তড়িঘড়ি তাঁদের উদ্ধার করেন। তবে ধ্বংসস্তূপের নীচে কোনও পথচারী আটকে পড়েছেন কি না, তা খতিয়ে দেখছে দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী।

ধ্বংসস্তূপে চলছে তল্লাশি

ঘটনাটি ঘটেছে ৬৬, রাজা নবকৃষ্ণ স্ট্রিটে। মেন রোডের ধারে নয়, একটি সরু গলির মধ্যে অবস্থিত ওই বাড়িটি দীর্ঘদিনের পুরনো বলে স্থানীয়দের দাবি। তাঁদের অভিযোগ, বাড়িটির অবস্থা বেশ জীর্ণ ছিল। শুক্রবার দুপুর দেড়টা নাগাদ আচমকাই বাড়ির বারান্দা এবং ছাদের একটি অংশ হুড়মুড়িয়ে ভেঙে রাস্তায় পড়ে যায়। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন প্রতিবেশীরা। ধ্বংসস্তূপ সরিয়ে বাড়ির ভিতরে থাকা দুই বাসিন্দাকে নিরাপদে বার করে আনেন স্থানীয়রাই। পরে খবর দেওয়া হয় পুলিশ ও দমকলকে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল। এলাকা ঘিরে রেখেছে পুলিশ। ধ্বংসস্তূপ সরানোর কাজে নেমেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। কোনও ব্যক্তি ধ্বংসস্তূপের নীচে আটকে রয়েছেন কি না, তা নিশ্চিত করতে ঘটনাস্থলে আনা হয়েছে ডগ স্কোয়াডও। প্রশিক্ষিত কুকুর দিয়ে চলছে তল্লাশি। গত কয়েক দিন ধরে কলকাতায় লাগাতার বৃষ্টির জেরে বিভিন্ন এলাকায় জল জমেছে। বৃষ্টির কারণে পুরনো ও দুর্বল বাড়িগুলির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও বেড়েছে। রাজা নবকৃষ্ণ স্ট্রিটের এই বাড়িটির বারান্দা ও ছাদের অংশ কী কারণে ভেঙে পড়ল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে দমকল সূত্রে খবর। স্থানীয় বাসিন্দা ঈশ্বরদয়াল সাউয়ের দাবি, দোতলা বাড়িটি পুরসভার খাতায় ‘বিপজ্জনক’ হিসেবে চিহ্নিত। তাঁর অভিযোগ, ‘‘পুরসভা আগে এ দিকে নজর দেয়নি। এখন তো কাউন্সিলরও নেই।’’

জানা গিয়েছে, বাড়িটির উপরের তলায় দু’জন ভাড়াটিয়া থাকেন। তবে শুক্রবার সকালে তাঁরা কাজে বেরিয়ে গিয়েছিলেন। ফলে দুর্ঘটনার সময় তাঁরা বাড়িতে ছিলেন না। ভিতরে থাকা দুই বাসিন্দাকে ইতিমধ্যেই নিরাপদে উদ্ধার করা হয়েছে। এখন ধ্বংসস্তূপের নীচে আর কেউ আটকে রয়েছেন কি না, সেটিই খতিয়ে দেখছেন উদ্ধারকারী দলের সদস্যেরা

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury