Bengal Liberty
টানা বৃষ্টির মধ্যেই মঙ্গলবার ভোরে কলকাতার জোড়াবাগান থানা এলাকার মালোপাড়ায় পুরনো তিনতলা বাড়ির একাংশ ভেঙে পড়ে বিপর্যয় (Kolkata Building Collapse)। ইট-পাথরের নিচে চাপা পড়ে মৃত্যু হয়েছে ষাটোর্ধ্ব এক মহিলার। মৃতার নাম উর্মিলা সাহু।

ঘটনার প্রেক্ষাপট
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোর ৫টা নাগাদ ৩১, ব্রজদুলাল স্ট্রিটের প্রায় ২০০ বছরের পুরনো বাড়িটির একাংশ আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। সেই সময় বাড়ির ভিতরে ছিলেন বেশ কয়েকজন। ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়েন অনেকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও উদ্ধারকারী দল। প্রায় ২০ জনকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়। তবে বাড়ির পিছনের দিকে থাকা উর্মিলা সাহু ইট ও চাঙরের আঘাতে গুরুতর জখম হন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
আরও খবর

স্থানীয়দের দাবি, বাড়িটির অবস্থা আগে থেকেই জরাজীর্ণ ছিল। সোমবার সকাল থেকেই বাড়িটির বিভিন্ন অংশ থেকে ইট ও চাঙর খসে পড়ছিল। এরপর মঙ্গলবার ভোরে আচমকাই বাড়ির একাংশ ভেঙে পড়ে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। পুরনো ও বিপজ্জনক বাড়ি নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে কলকাতায়। জোড়াবাগানেই এর আগেও পুরনো বাড়ি ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। গত জুন মাসে কাশীনাথ দত্ত স্ট্রিটের একটি পুরনো দোতলা বাড়ির একাংশ ভেঙে পড়েছিল। সেই ঘটনায় এক বৃদ্ধা-সহ চারজন বাড়ির ভিতরে আটকে পড়েছিলেন।
তার পর ফের মঙ্গলবার জোড়াবাগানে পুরনো বাড়ির একাংশ ভেঙে পড়ায় শহরের জরাজীর্ণ বাড়িগুলির নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।


