Bengal Liberty
রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা চার হাজার ছাড়িয়েছে। এই পরিস্থিতিতে(Suvendu on Dengue)রাজ্যবাসীর উদ্বেগের মধ্যেই ডেঙ্গি নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ডেঙ্গি আক্রান্তের সংখ্যা নিয়ে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, রোগের সংখ্যা লুকিয়ে রাখার কোনও কারণ নেই।

স্বাস্থ্য ভবনকে বার্তা (Suvendu on Dengue)
মুখ্যমন্ত্রীর বক্তব্য, স্বাস্থ্য দফতরের পরিষ্কার নির্দেশ রয়েছে—যে রোগ হবে, সেটাই চিকিৎসকেরা লিখবেন। আগে রোগের সংখ্যা কমিয়ে দেখানো বা রোগ লুকিয়ে রাখার অভিযোগ থাকলেও বর্তমান সরকার সেই পথে হাঁটছে না বলেই দাবি করেন তিনি। ডেঙ্গি হলে ডেঙ্গি লিখতে চিকিৎসকদের কোনও ভয় পাওয়ার কারণ নেই বলেও স্পষ্ট বার্তা দেন মুখ্যমন্ত্রী।
তবে শুধু আক্রান্তের সংখ্যা প্রকাশ করলেই হবে না, ডেঙ্গির উৎস নিয়ন্ত্রণেও জোর দেওয়ার কথা বলেন তিনি। তাঁর বক্তব্য, ডেঙ্গির লার্ভা যাতে তৈরি না হয়, সেই লক্ষ্যে কলকাতার লাগোয়া এলাকাগুলিতে ব্যাপক সাফাই অভিযান চালাতে হবে। এই কাজে পুর ও নগরোন্নয়ন দফতরের পাশাপাশি সেচ দফতর এবং পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরকেও একসঙ্গে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় টাস্ক ফোর্সও রয়েছে বলে জানান তিনি।
আরও খবর
প্রশাসনিক তৎপরতা (Suvendu on Dengue)
প্রতি বছরই মূলত আগস্ট ও সেপ্টেম্বর মাসে ডেঙ্গির প্রকোপ বাড়ে বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনিক তৎপরতার কথাও জানান।উল্লেখ্য, গত এক মাসে পাঁচ জেলায় উদ্বেগজনকভাবে বেড়েছে ডেঙ্গির সংক্রমণ। নতুন করে প্রায় এক হাজার মানুষ আক্রান্ত হয়েছেন বলে খবর। কলকাতাতেই আক্রান্তের সংখ্যা প্রায় ৩৫০। পাশাপাশি হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং মুর্শিদাবাদেও সংক্রমণের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর সঙ্গে বাড়ছে ম্যালেরিয়ার প্রকোপও।এদিকে পালাবদলের পর একাধিক পুরসভায় কাউন্সিলর ও পুরপ্রধানদের পদত্যাগের জেরে বর্ষার আগে ডেঙ্গি প্রতিরোধের কাজ ব্যাহত হওয়ার অভিযোগ উঠেছিল।

পাড়ায় পাড়ায় সচেতনতা বৃদ্ধি, জমা জল পরিষ্কার, ব্লিচিং ছড়ানো এবং মশার লার্ভা ধ্বংসের মতো নিয়মিত কাজ অনেক জায়গায় থমকে রয়েছে বলেও অভিযোগ উঠেছে। ফলে আক্রান্তের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের মধ্যেও আতঙ্ক তৈরি হয়েছে।এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর বক্তব্যে মূলত দু’টি বার্তা স্পষ্ট—ডেঙ্গির পরিসংখ্যান গোপন নয় এবং সংক্রমণ রুখতে একাধিক দফতরকে সমন্বয় করে মাঠে নামতে হবে। আক্রান্তের সংখ্যা নিয়ে আতঙ্ক না ছড়িয়ে রোগ শনাক্তকরণ ও প্রতিরোধে প্রশাসনকে সক্রিয় করার আশ্বাসই দিয়েছেন মুখ্যমন্ত্রী



