Indigo Flights cancellation refund
Bengal Liberty Desk, ৬ ডিসেম্বর, কলকাতা: দেশজুড়ে টানা চার দিন ধরে বিপর্যস্ত ইন্ডিগোর বিমান (Indigo Flight) পরিষেবা। একের পর এক বাতিল হয়েছে বিমান। চরম অব্যবস্থার জেরে (Indigo Flight Cancelled) বিমান কর্তৃপক্ষ বারংবার ক্ষমা চাইলেও ভোগান্তি কমছে কই? শনিবারও ইন্ডিগোর আটশোর বেশি বিমান বাতিল হয়েছে বলে খবর। পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হতে আরও কয়েক দিন সময় লাগবে বলে জানা গিয়েছে। এই পরিস্থিতিতে বাতিল হওয়া বিমানের টিকিটের টাকা কী ভাবে ফেরত পাওয়া যাবে, তা নিয়ে চিন্তায় যাত্রীরা।

ইন্ডিগো বিমান সংস্থা (Indigo Airlines) জানিয়েছে, শুধু বাতিলই নয়, যে বিমানগুলির সময়সূচি পরিবর্তন করা হয়েছে, তার জন্যেও পুরো অর্থ ফেরত দেওয়া হবে যাত্রীদের। সহজ কয়েকটি ধাপ অনুসরণ করলেই দ্রুত টাকা ফেরত পাওয়া যাবে।
কী কী পদ্ধতি? (Indigo ticket price refund procedure)
• প্রথমে ইন্ডিগোর ওয়েবসাইটে গিয়ে ‘রিফান্ড’ অপশনে ক্লিক করুন
(https://www.goindigo.in/refund.html)
• টিকিটের বিস্তারিত তথ্য (পিএনআর বা বুকিং নম্বর, ইমেল আইডি) দিতে হবে।
• এরপর ‘বিমান বাতিল বা বুকিং’-এ ক্লিক করলেই দেখা যাবে, টাকা ফেরতের অঙ্ক।
• কোন মাধ্যমে আপনি টাকা ফেরত নিতে চান, তা বেছে নিতে হবে আপনাকেই। তারপর ‘প্রসিড’-এ ক্লিক করেই ‘রিফান্ড’ কনফার্ম। স্ক্রিনে ভেসে উঠবে, ‘আপনার বুকিং বাতিল হয়েছে’।
• অন্তর্দেশীয় বিমানের ক্ষেত্রে নগদে অর্থ ফেরত নিতে চাইলে বিমানবন্দরের নির্দিষ্ট কাউন্টার থেকে তা মিলবে। তবে আন্তর্জাতিক কাউন্টারে টাকা দেওয়া থাকলে তা ফেরতের জন্য ইন্ডিগোকে ইমেল করতে হবে।
কোনও ভ্রমণসংস্থার মাধ্যমে ইন্ডিগোর বিমানের টিকিট কেটে থাকলে টাকা ফেরত দেওয়া হবে ওই সংস্থার অ্যাকাউন্টেই। সে ক্ষেত্রে টাকা ফেরত পাওয়ার জন্য সংস্থার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে ইন্ডিগো কর্তৃপক্ষ।
উল্লেখ্য, বৃহস্পতিবার সারা দিনে মোট ৫৫০টি, শুক্রবার হাজারেরও বেশি বিমান বাতিল করেছিল ইন্ডিগো। শনিবারও বাতিল করতে হয়েছে কয়েকশো বিমান। যার জেরে চরম ভোগান্তির শিকার হন যাত্রীরা।
