donald trump warns of tariff on indian rice
Bengal Liberty: ফের ভারতের উপর শুল্কবাণ ছুঁড়তে পারেন ট্রাম্প! ভারতের উপর আবারও বাড়তি শুল্ক(tariff) বসানোর কথা ভাবা হবে বলে জানিয়েছেন ট্রাম্প(Donald Trump)। সম্প্রতি গত আগস্ট মাসে দুই দফায় ভারতীয় পণ্যের উপর শুল্ক(tariff) বসিয়েছে আমেরিকা। দুই দফায় প্রায় ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। যা নিয়ে ভারত-আমেরিকার সম্পর্ক খুব একটা ভালো জায়গায় নেই বলেই দাবি কূটনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশের। এই আবহে ফের ভারতের উপর শুল্কবাণ নিক্ষেপের ছক কষছেন মার্কিন প্রেসিডেন্ট। ভারতীয় চালের (Indian Rice) উপর বসতে পারে বাড়তি শুল্ক।
শুল্ক বসানোর কারণ (tariff war)
সূত্রের খবর, সোমবার মার্কিন কৃষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন তিনি। সেখানে কৃষকদের দাবি, কম শুল্কের দরুণ ভারত, চিন(China), থাইল্যান্ডের(Thailand) মতো দেশগুলি কম শুল্কের সুযোগ নিচ্ছে দিনের পর দিন। এমনকি আমেরিকার বাজারে কমদামে চাল রপ্তানি করছে। যার ফলে আমেরিকার কৃষকরা দিনের পর দিন ক্ষতিগ্রস্থ হচ্ছেন। ভারত, চিন, থাইল্যান্ড এই তিন দেশকে ‘টপ কালপ্রিট’ বলে অভিহিত করেছেন মার্কিন কৃষকরা। তাঁদের দাবি, বর্তমানে যা শুল্ক রয়েছে সেটা দ্বিগুণ করা দরকার। ট্রাম্পের কথায়, কমদামি পণ্যের ঢিবি হয়ে উঠেছে আমেরিকার বাজারগুলো। তার জেরে ক্ষতিগ্রস্থ হচ্ছেন মার্কিন কৃষকরা। তাই কৃষকদের কথা শুনেই ভারতের চালের উপর চড়াহারে শুল্ক আরোপ করতে পারে আমেরিকা। সেই সম্ভাবনার কথায় বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সিদ্ধান্ত নেওয়া হতে পারে কানাডা থেকে আমদানি করা সারের উপরেও। তবে ঠিক কত পরিমাণ শুল্ক সেই বিষয় এখনই অবধি স্পষ্ট কিছু জানা যায়নি।
উল্লেখ্য, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ২ দিনের ভারত সফরের পরই পাঁচ দিনের সফরে ভারতে এসেছেন আমেরিকার বিদেশ দপ্তরের রাজনৈতিক বিষয়ের আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকার। দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন বলেই জানা গেছে। তার আগেই শুল্কবান নিক্ষেপের হুঁশিয়ারি দিয়ে রাখলেন ট্রাম্প।
