Naidu apologises for IndiGo disaster
Bengal Liberty: ইন্ডিগো (Indigo) বিপর্যয়ের জন্য ক্ষমা চাইলেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী কে রামমোহন নায়ডু(Kinjarapu Ram Mohan Naidu)। তার সাথে কঠোর এবং যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। পাশাপশি ডিজিসিএ(DGCA) তদন্তের আওতায় আনা হবে বলে জানান বিমানমন্ত্রী। ইন্ডিগোর এই বিপর্যয়ের কারণ প্রসঙ্গে একাধিক প্রশ্ন উত্থাপন করেন তিনি। প্রয়োজনে ইন্ডিগোর সিইও-র কোনও গাফিলতি প্রকাশ্যে আসে, তাহলে তাঁকে বরখাস্ত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। পাশাপশি ভবিষ্যতে যাতে এই ধরনের বিপর্যয় না ঘটে সে বিষয়েও নজরদারি রাখার কথা জানিয়েছেন তিনি।
বিমানমন্ত্রীর বক্তব্য (K Ram Mohan Naidu)
এদিন তিনি জানান, শুধুমাত্র ইন্ডিগো না তার পাশাপশি দেশের উড়ান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ-কেও তদন্তের আওতায় আনা হবে। এই বিপর্যয়ের কী ভাবে পরিস্থিতি মোকাবিলা করছে ডিজিসিএ সে দিকেও নজর রাখা হবে। ইন্ডিগোর বিপর্যয়ে ভোগান্তির শিকার যাত্রীরা। তাঁদের কাছে ক্ষমা চেয়ে যাত্রীদের উদ্দেশ্যে বলেন, ‘‘আমি ক্ষমা চাইছি। এক জন মন্ত্রী হিসাবে আমারও দায়িত্ব। যখন এই ধরনের ঘটনা ঘটে, তখন আমার উপরও অতিরিক্ত দায়িত্ব বর্তায়”। তারপরই হুঁশিয়ারি দিয়ে বলেন এই বিপর্যয়ের জন্য দায়ী ব্যক্তিদের কেউ রেহায় পাবে না। পাশাপাশি এ-ও স্পষ্ট করেন, প্রয়োজনে ইন্ডিগোর সিইও পিটার এলবার্সকে বরখাস্তও করা হতে পারে! তারপরই তিনি জানান, ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না-ঘটে, তা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ।
ইন্ডিগোর এই বিপর্যয়ের কারন জানতে মরিয়া কেন্দ্র। ইন্ডিগোর মতো সংস্থার থেকে এই ধরনের বিপর্যয় কাম্য নয় জানান বিমানমন্ত্রী। মন্ত্রী স্পষ্ট বলেন, ‘‘এটি এমন একটি বিষয়, যা নিয়ে আমরা পুঙ্খানুপুঙ্খ ভাবে তদন্ত করে দেখছি। তদন্তের পর দোষীদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’’ একই সাথে দুর্ভোগে পড়া যাত্রীদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে ভাবনাচিন্তা চলছে।
প্রসঙ্গত, পরিষেবার দিক থেকে ভারতে অন্যতম বৃহৎ বিমানসংস্থা ইন্ডিগো। প্রতিদিন উড়ানের সংখ্যা ২৩০০টি। গত ১ ডিসেম্বর থেকে বিপর্যস্ত ইন্ডিগোর উড়ান পরিষেবা। ইন্ডিগোর এই বিপর্যয়ের জেরে চরম ভোগান্তির শিকার হচ্ছেন হাজার হাজার যাত্রী। মঙ্গলবার ইন্ডিগোর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করেছে ডিজিসিএ।
