VB-G RAM-G
Bengal Liberty: কংগ্রেস জমানায় তৈরি ১০০ দিনের কাজ উঠিয়ে দিয়ে পরিবর্তে নতুন আইন আনতে চাইছে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গ্রামীণ ভারতের উন্নয়নে এক বৈপ্লবিক পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রথমে এই প্রকল্পের নাম ছিল মনরেগা বা MGNREGA অর্থাৎ মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act) । এই প্রকল্পের নামই বদল করে VB-G RAM-G সংক্ষেপে জি রাম জি বা বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন করার প্রস্তাব দেওয়া হয়েছে। অর্থাৎ প্রকল্পের নাম বদলে যায়, আর উঠে যায় ‘ মহাত্মা’। শুধুই কি নামে বদল?
এই প্রকল্পের বেশ কিছু সুবিধার কথাও বলা হয়েছে। নয়াদিল্লি সূত্রে জানা গেছে, ২০৪৭ সাল পর্যন্ত চলা বিকশিত ভারতের উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখেই গ্রামোন্নয়নের স্বার্থে এই নতুন বিলটি তৈরি করা হয়েছে।
১০০ নয় ১২৫ দিন (VB-G RAM-G)
এই বিলের মাধ্যমে প্রতি অর্থবর্ষে একটি পরিবারের সমস্ত প্রাপ্তবয়স্ক সদস্যদের স্বেচ্ছায় ১২৫ দিন পর্যন্ত কাজের গ্যারান্টি দিয়েছে মোদি সরকার। যেখানে ‘মনরেগা’ প্রকল্পে নূন্যতম ১০০ দিনের কাজের সুবিধা ছিল।
কেন্দ্র-রাজ্যের সহযোগিতা (VB-G RAM-G)
মনরেগার ক্ষেত্রে পুরো ৯০ শতাংশ অনুদান কেন্দ্র সরকার দিলেও নতুন বিলে অনুদানের কিছুটা দায় পড়ল রাজ্যের ঘাড়েও। এই বিলের বেশির ভাগ অর্থ প্রদান করবে কেন্দ্রীয় সরকার। উত্তর-পূর্ব, হিমালয় সংলগ্ন রাজ্য এবং কয়েকটি কেন্দ্রশাসিত অঞ্চল ব্যতিরেকে প্রতিটি রাজ্য-কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে ৬০:৪০ অনুপাতে প্রকল্পের টাকা দেবে কেন্দ্র।
কৃষক-বান্ধব সংস্কার (VB-G RAM-G)
চাষের মরসুমে যাতে শ্রমিকের অভাব না হয়, তাই বছরে ৬০ দিন কাজ বন্ধ রাখার সংস্থান রাখা হয়েছে। এতে কৃষি কাজ ও সরকারি প্রকল্প—উভয়ই ভারসাম্য বজায় রেখে চলবে।
সপ্তাহের নিরিখে দেওয়া হবে টাকা (VB-G RAM-G)
মনরেগা প্রকল্পের সঙ্গে যুক্ত শ্রমিকদের পারিশ্রমিক দেওয়া হত ১৫ দিনের কাজের পর। কিন্তু এই নতুন বিলে সেই চুক্তি রাখছে না কেন্দ্র। বরং প্রতি সপ্তাহের টাকা, প্রতি সপ্তাহে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে (DBT) পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
স্থায়ী পরিকাঠামো নির্মাণ (VB-G RAM-G)
কেবল মাটি কাটা নয়, বরং জলসংরক্ষণ, কোল্ড স্টোরেজ এবং গ্রামীণ রাস্তার মতো স্থায়ী সম্পদ তৈরির ওপর জোর দেওয়া হয়েছে এই বিলে।
জিরামজি বিল গ্রামীণ কর্মসংস্থান বাড়ালেও, এর আর্থিক কাঠামো, নাম পরিবর্তন এবং মহাত্মা গান্ধীকে বাদ দেওয়ায় ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে।
এই প্রকল্পে কেন্দ্রীয় বরাদ্দ ৯০ শতাংশ থেকে কমিয়ে ৬০ শতাংশ করা হচ্ছে। এর ফলে রাজ্যগুলির উপর চাপ বাড়ছে। তাছাড়া আগে রাজ্যের চাহিদা অনুযায়ী, এই প্রকল্পে বরাদ্দ করা হত। এবার থেকে কেন্দ্র ঠিক করবে কোন রাজ্যে কত বরাদ্দ করা হবে। ফলে সাধারণ শ্রমিকরা ১০০ দিনের কাজ পাবেনই, তেমন কোনও নিশ্চয়তা থাকছে না। আগে এই বিলে কাজের নিশ্চয়তা ছিল। তবে বিরোধীরা যখন এই পরিবর্তনকে “অধিকার হরণ” বলছেন, সরকার তখন একে “অধিকারের আধুনিকীকরণ” হিসেবে দেখছে। সরকারের মতে, বরাদ্দ কমবে না, বরং প্রযুক্তির কারণে অপচয় বন্ধ হওয়ায় প্রকৃত অভাবী মানুষ আগের চেয়ে বেশি সুবিধা পাবেন (VB-G RAM-G)।
