Maoist leader Ganesh Uike encounter
Bengal liberty Desk, ২৫ ডিসেম্বর, কলকাতা: ওড়িশার কন্ধমল জেলায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত মাওবাদী সংগঠনের শীর্ষনেতা গণেশ উইকে। গত মাসে অন্ধ্রপ্রদেশের আলুরি সীতারামারাজু জেলায় মাডবী হিডমা নিহত হওয়ার এক মাসের মাথায় আরও এক গুরুত্বপূর্ণ মাওবাদী নেতার মৃত্যু! (Maoist leader Ganesh Uike encounter)
কীভাবে হল তার মৃত্যু? (Maoist leader Ganesh Uike encounter)
সংবাদসংস্থা সূত্রে খবর, আজ, বৃহস্পতিবার ভোরে কন্ধমল জেলার গুম্মার জঙ্গলে মাওবাদীদের উপস্থিতির গোপন খবর পেয়ে যৌথ অভিযান শুরু করে পুলিশ ও নিরাপত্তাবাহিনী। বুধবার রাত থেকেই বেলঘর থানার অন্তর্গত এলাকায় তল্লাশি অভিযান চলছিল। বৃহস্পতিবার সকালে জঙ্গল ঘিরে ফেলার পরই বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় মাওবাদীরা। পাল্টা জবাব দেয় বাহিনীও। দু’পক্ষের মধ্যে দীর্ঘ সময় ধরে গুলির লড়াই চলে।

এই সংঘর্ষে মোট চার জন মাওবাদীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাঁদের মধ্যে একজনকে শনাক্ত করা গিয়েছে। তিনি গণেশ উইকে। পুলিশ সূত্রে খবর, গণেশ মাওবাদী মহলে পাক্কা হনুমন্তু, রাজেশ তিওয়ারি, চামরু এবং রুপা নামেও পরিচিত ছিলেন। তিনি তেলঙ্গানার নলগোন্ডা জেলার চেন্দুর মণ্ডলের পুল্লেমালা গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে খবর, গণেশ উইকের মাথার দাম ছিল ১ কোটি ১ লক্ষ টাকা। হিডমার মৃত্যুর পর থেকেই তাঁকে ধরতে তল্লাশি আরও জোরদার করা হয়েছিল। নিহত বাকি তিন মাওবাদীর পরিচয় নিশ্চিত করার কাজ চলছে। তাঁদের মধ্যে একজন মহিলা সদস্যও রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখযোগ্য ভাবে, এই সংঘর্ষের মাত্র ২৪ ঘণ্টা আগে প্রতিবেশী মালকানগিরি জেলায় ২২ জন মাওবাদী আত্মসমর্পণ করেন। নিরাপত্তাবাহিনীর মতে, এই ঘটনা মাওবাদী সংগঠনের উপর চাপ আরও বাড়াল।
