Trump and Zelenskyy meeting
Bengal Liberty Desk, ২৯ ডিসেম্বর, কলকাতা: আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির (Volodymyr Zelenskyy) বৈঠক শেষ হয়েছে। বৈঠকের পর রাশিয়া–ইউক্রেন যুদ্ধ (Russia Ukraine War) থামার সম্ভাবনা নিয়ে আশার কথা শোনা গেলেও চূড়ান্ত সমাধান এখনও হয়নি। জেলেনস্কির দাবি, যুদ্ধের মূল দুই জটের মধ্যে একটি ইতিমধ্যেই কেটেছে। তবে ট্রাম্প জানিয়েছেন, শান্তিচুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছলেও এখনই কোনও নির্দিষ্ট সময়সীমা ঠিক করা যাচ্ছে না।
জেলেনস্কির বক্তব্য (Trump and Zelenskyy meeting)
রাশিয়া ও ইউক্রেনের সংঘাতের প্রধান কারণ দু’টি—ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা এবং ডনবাস অঞ্চলের দখল। ফ্লরিডায় বৈঠকের পর দু’জন একসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানে জেলেনস্কি বলেন, ইউক্রেনের নিরাপত্তা নিয়ে সমঝোতা হয়ে গিয়েছে। এখন কেবল ডনবাস সংক্রান্ত বিষয়টি মীমাংসা বাকি। সেটির সমাধান হলেই যুদ্ধ পুরোপুরি থামানো সম্ভব।
ট্রাম্পের বক্তব্য (Trump on meeting)
তবে ট্রাম্প বিষয়টি নিয়ে কিছুটা সতর্ক অবস্থান নিয়েছেন। তাঁর বক্তব্য, ইউক্রেনের নিরাপত্তা নিয়ে প্রায় ৯৫ শতাংশ সমঝোতা সম্পন্ন হয়েছে। বাকি অংশে ইউরোপের দেশগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এই প্রসঙ্গে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁও জানিয়েছেন, ইউক্রেনের নিরাপত্তা সংক্রান্ত আলোচনা অনেকটা এগিয়েছে।

রাশিয়া ও ইউক্রেনের বিরোধ (Russia Ukraine Update)
ডনবাস অঞ্চল নিয়ে রাশিয়া ও ইউক্রেনের বিরোধ বহুদিনের। অঞ্চলটি ইউক্রেনের হলেও রাশিয়া সেখানে দখলদারি কায়েমের চেষ্টা চালিয়ে আসছে। যুদ্ধ থামানোর শর্ত হিসেবে রাশিয়ার অন্যতম দাবি, ডনবাস থেকে ইউক্রেনীয় সেনা প্রত্যাহার। এই বিষয়েই এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ট্রাম্প বলেন, ডনবাস নিয়ে আলোচনা সঠিক পথেই এগোচ্ছে। তাঁর কথায়, বিষয়টি কঠিন হলেও সমাধানের খুব কাছাকাছি পৌঁছনো গিয়েছে।
ফ্লোরিডার বৈঠক (Florida meeting)
ফ্লরিডার বৈঠকে (Florida meeting) যুদ্ধের চূড়ান্ত নিষ্পত্তি না হলেও আলোচনা অনেকটা এগিয়েছে বলে দাবি করেছেন ট্রাম্প। তিনি জানান, যুদ্ধ কবে শেষ হবে তা নিয়ে এখনই নির্দিষ্ট করে কিছু বলা সম্ভব নয়। তবে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই স্পষ্ট হবে আদৌ কোনও সমঝোতায় পৌঁছনো যায় কি না। ট্রাম্পের মন্তব্য, সমাধান না হলে যুদ্ধ আরও দীর্ঘদিন চলতে পারে। ইউক্রেনে গিয়ে বৈঠক করার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, যদি তাতে ২৫ হাজার মানুষের প্রাণ বাঁচে, তবে তিনি সে জন্য প্রস্তুত।
উল্লেখযোগ্য বিষয় হল, জেলেনস্কির সঙ্গে বৈঠকের ঠিক আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) সঙ্গে ফোনে কথা বলেন ট্রাম্প। তাঁর দাবি, পুতিন শান্তি স্থাপনের বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছেন। এই ফোনালাপকে ‘খুব ভাল ও ফলপ্রসূ’ বলেই উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
