ASHA Workers Protest
Bengal Liberty Desk, ৭ জানুয়ারী, কলকাতা: রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার ভিত যাঁদের কাঁধে দাঁড়িয়ে, সেই আশাকর্মীদের দাবি আজ ফের উত্তপ্ত করে তুলল সল্টলেক। ন্যূনতম বেতন ১৫ হাজার টাকা করা-সহ একাধিক দাবিতে বুধবার স্বাস্থ্যভবন অভিযান কর্মসূচি ঘোষণা করেছিলেন আশাকর্মীরা (Asha worker)। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী মিছিল শুরু হতেই পুলিশি বাধায় আটকে যায় আন্দোলনকারীরা, যার জেরে মুহূর্তের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, একের পর এক ব্যারিকেড ভেঙে এগোতে থাকেন আশাকর্মীরা (ASHA Workers Protest)। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনাও ঘটে। শেষ পর্যন্ত স্বাস্থ্যভবনের মূল গেটের সামনে পৌঁছে যান আন্দোলনকারীরা, যা ঘিরে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা।
কেন এই কর্মসূচি? (ASHA Workers Protest)
আশাকর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁরা সামান্য ভাতায় কাজ করে চলেছেন। সরকার বারবার ভাতা বৃদ্ধির কথা বললেও, বাস্তবে তা তাঁদের জীবনযাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই ন্যূনতম মাসিক বেতন ১৫ হাজার টাকা নির্ধারণের দাবিতে তাঁরা অনড়। দাবি মানা না হলে স্বাস্থ্যভবনের সামনেই অনির্দিষ্টকালের অবস্থান বিক্ষোভে বসার হুঁশিয়ারিও দেন আন্দোলনকারীরা।

পরিস্থিতির গুরুত্ব বুঝে স্বাস্থ্য দপ্তরের গেট বন্ধ রাখা হয় এবং বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। সকাল থেকেই স্বাস্থ্যভবন সংলগ্ন এলাকা কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হয়। তবুও পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশ প্রশাসনকে।
উল্লেখযোগ্য বিষয় হল, রাজ্যজুড়ে প্রায় তিন হাজার আশাকর্মী কাজ করছেন, যাঁরা করোনা থেকে শুরু করে গ্রামাঞ্চলের স্বাস্থ্য পরিষেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অথচ তাঁদের ন্যায্য পারিশ্রমিক ও সামাজিক সুরক্ষা নিয়ে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে বারবার।
বিজেপির (Bjp )তরফে আগেই দাবি করা হয়েছে, আশাকর্মীদের মতো ফ্রন্টলাইন স্বাস্থ্যকর্মীদের সম্মানজনক বেতন ও স্থায়ী সুযোগ-সুবিধা দেওয়া জরুরি। কেন্দ্রীয় সরকার যেখানে স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা ও আর্থিক স্বীকৃতির উপর জোর দিচ্ছে, সেখানে রাজ্য সরকারের গাফিলতিই আজকের এই অশান্ত পরিস্থিতির মূল কারণ এমনটাই মত রাজনৈতিক মহলের একাংশের।
বর্তমানে স্বাস্থ্যভবনের গেটের বাইরে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন আশাকর্মীরা। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর গোটা রাজ্যের
