Gangasagar Shooting Incident
Bengal Liberty Desk, ১১ মার্চ: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার রাজ্যে এসে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন। তিনি স্পষ্ট করেছিলেন, পশ্চিমবঙ্গে ভোট কত দফায় হবে, তা অনেকটাই নির্ভর করবে রাজ্যের পরিস্থিতির উপর। পাশাপাশি শান্তিপূর্ণ ও হিংসামুক্ত ভোটের আশ্বাস দেন তিনি। কিন্তু তাঁর আশ্বাসবাণীর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই গঙ্গাসাগরে গুলি। সাত সকালে গুলি চালিয়ে বিজেপি কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ। এবার সরাসরি কাঠগড়ায় তৃণমূল (Gangasagar Shooting Incident)।
গঙ্গাসাগরে গুলি, গুরুতর জখম বিজেপি নেতা (Gangasagar Shooting Incident)

ভোটের আগে দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরে গুলি চালানোর ঘটনা। অভিযোগ, বিজেপি কর্মী ত্রিলোকেশ ঢালিকে লক্ষ্য করে গুলি চালায় দুই দুষ্কৃতী। আজ, বুধবার গঙ্গাসাগর উপকূল থানার অন্তর্গত শ্রীধাম বাসস্ট্যান্ড থেকে গঙ্গাসাগর বাসস্ট্যান্ডের মাঝামাঝি এলাকায় ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাইকে করে আসা দুই ব্যক্তি আচমকাই ত্রিলোকেশ ঢালিকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি চালানোর পরই দ্রুত বাইক নিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায় তারা।
রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়েন ত্রিলোকেশ ঢালি। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁকে উদ্ধার করে সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।
কে এই ত্রিলোকেশ ঢালি (Gangasagar Shooting Incident)?
জানা গিয়েছে, ত্রিলোকেশ ঢালি আগে মথুরাপুর সংগঠনিক জেলা কমিটির সেক্রেটারি ছিলেন। বর্তমানে তিনি দলের সাধারণ কর্মী হিসেবে সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কে বা কারা এই হামলার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, পুরনো কোনও শত্রুতার জেরেও এই ঘটনা ঘটে থাকতে পারে।
তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ (Gangasagar Shooting Incident)!
ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানউতোর। বিজেপির তরফে সরাসরি শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। এক বিজেপি নেতা বলেন, “জানি না ওই কর্মীর প্রাণরক্ষা হবে কিনা। বাংলায় হিংসার এই রাজনীতি কারা নিয়ে এল, সেটা সবাই জানে। আমরা নির্বাচন কমিশন ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব।”
আরও পড়ুন (Gangasagar Shooting Incident)-
ভোরের নীরবতা ভাঙল গুলির শব্দে! (Howrah Golabari Murder) গোলাবাড়িতে প্রোমোটারকে পয়েন্ট-ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে খুন
Murshidabad Shooting Incident: খেলার অপরাধে চলল গুলি, ফুটবল বাড়িতে ঢোকায় শিশুদের লক্ষ্য করে গুলি স্কুল শিক্ষকের!
ঘটনার প্রতিবাদে এলাকায় অবরোধ শুরু করেন বিজেপি কর্মীরা। আক্রান্তের মেয়েও তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। তাঁর অভিযোগ, “বাবার বুকে গুলি লেগেছে। আমরা বিজেপি করি, আমি নিজেও পঞ্চায়েত সদস্য। সেই কারণেই এই হামলা হয়ে থাকতে পারে।” অপরদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও এই ঘটনার তীব্র নিন্দা করে বলেন, “তৃণমূল ভয় পেয়ে গেছে, তাই এই ধরনের হামলার আশ্রয় নিচ্ছে।”
মুখ্য নির্বাচন কমিশনারের শান্তির বার্তার পরই এমন ঘটনা ঘটায় রাজনৈতিক মহলে নতুন করে প্রশ্ন উঠছে—ভোটের আগে কি ফের অশান্তির ছায়া পড়তে চলেছে বাংলার রাজনীতিতে?
