Air India Technical Glitch
Bengal liberty desk,২৬ মার্চ :
লন্ডনের হিথরো বিমানবন্দরের উদ্দেশে পাড়ি দিলেও গন্তব্যে পৌঁছানো হলো না এয়ার ইন্ডিয়ার AI11 উড়ানটির Air (India Technical Glitch)। বৃহস্পতিবার সকালে দিল্লি থেকে রওনা হওয়ার পর সৌদি আরবের আকাশে পৌঁছাতেই বিমানে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। ঝুঁকি না নিয়ে মাঝ আকাশ থেকেই মুখ ঘুরিয়ে ফের দিল্লিতে ফিরে আসে বিমানটি। এই ঘটনায় নতুন করে এয়ার ইন্ডিয়ার রক্ষণাবেক্ষণ ও যাত্রীদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে।

ঘটনার বিবরণ:
বৃহস্পতিবার ভোর ৬টা ১৩ মিনিটে দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে ওড়ে এয়ারবাস A350 বিমানটি। প্রায় ৩,৩০০ কিলোমিটার পথ অতিক্রম করে যখন বিমানটি সৌদি আরবের আকাশে, তখনই যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। দুপুর ১টা ২০ মিনিট নাগাদ বিমানটি পুনরায় দিল্লিতে অবতরণ করে। যাত্রীদের দাবি, মাঝ আকাশে হঠাৎই বিমান থেকে অদ্ভুত শব্দ শোনা যাচ্ছিল, যার পরেই বিমানটি ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়।
এক সপ্তাহে দ্বিতীয়বার একই বিভ্রাট:
উদ্বেগের বিষয় হলো, চলতি সপ্তাহেই এটি এয়ার ইন্ডিয়ার দ্বিতীয় ঘটনা। এর আগে গত মঙ্গলবার চিনের আকাশ থেকে একটি বিমানকে যান্ত্রিক গোলযোগের কারণে দিল্লিতে ফিরিয়ে আনা হয়েছিল। এমনকি বৃহস্পতিবার যে বিমানটিতে (নথিভুক্ত নম্বর VT-JRF) সমস্যা হয়েছে, সেটি গত ১৫ই মার্চ দিল্লি থেকে নিউ ইয়র্ক যাওয়ার পথেও যান্ত্রিক ত্রুটির কারণে আয়ারল্যান্ডে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছিল।
এয়ার ইন্ডিয়ার বক্তব্য:
এয়ার ইন্ডিয়ার এক মুখপাত্র জানিয়েছেন, “যাত্রীদের নিরাপত্তার কথা ভেবেই বিমানটিকে দিল্লিতে ফিরিয়ে আনা হয়েছে। প্রযুক্তিগত ত্রুটি খতিয়ে দেখা হচ্ছে। যাত্রীদের অসুবিধার জন্য আমরা ক্ষমাপ্রার্থী এবং তাঁদের বিকল্প যাত্রার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে।” তবে সৌদি আরবের মতো জায়গা থেকে কেন লন্ডনের বদলে ফের দিল্লিতেই ফিরিয়ে আনা হলো, সেই নিয়ে স্পষ্ট কোনও উত্তর মেলেনি।
বারবার কেন এয়ার ইন্ডিয়ার বিমানেই এমন যান্ত্রিক গোলযোগ দেখা দিচ্ছে, তা নিয়ে সরব হয়েছেন যাত্রীদের একাংশ। সম্প্রতি কানাডাগামী একটি বিমানেও একই সমস্যা দেখা দিয়েছিল। যদিও চলতি মাসে ইন্ডিগোর একটি বিমানেও যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছিল, তবে এয়ার ইন্ডিয়ার ক্ষেত্রে ঘটনার ঘনঘটা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বাড়াচ্ছে
