Weather Alert
Bengal Liberty, ৬ এপ্রিল :
রাজ্যের আবহাওয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর (Weather Alert)। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবাহ এবং বিস্তৃত অক্ষরেখার জেরে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টি, বজ্রপাত ও দমকা হাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এর প্রভাবে তাপমাত্রা ধীরে ধীরে কমবে, তবে মাঝেমধ্যে সামান্য ওঠানামাও থাকবে। ইতিমধ্যেই একাধিক জেলায় হলুদ ও কমলা সতর্কতা জারি হয়েছে (Weather Alert)।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Alert)
দক্ষিণবঙ্গে আগামী বৃহস্পতিবার পর্যন্ত ঝড়বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে তেলঙ্গানা পর্যন্ত বিস্তৃত অক্ষরেখার টানে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে, যা ঝড়বৃষ্টির পক্ষে অনুকূল পরিবেশ তৈরি করছে। মঙ্গলবার ও বুধবার পরিস্থিতি আরও সক্রিয় হতে পারে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় কমলা সতর্কতা জারি রয়েছে। এসব জেলায় ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি।
এছাড়া পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও হুগলির কিছু এলাকায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া ও বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রার ক্ষেত্রেও পরিবর্তন দেখা যাবে। আগামী ৪ দিনে ৩-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। তবে সোমবারের পরবর্তী ২ দিনে ২-৪ ডিগ্রি পর্যন্ত সাময়িক বৃদ্ধি হতে পারে। সমুদ্র উপকূল সংলগ্ন এলাকায় সতর্কতা জারি করে মৎস্যজীবীদের মঙ্গলবার ও বুধবার সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া (Weather Alert)
উত্তরবঙ্গেও আগামী কয়েকদিন আবহাওয়া অস্থির থাকবে। উত্তর-পশ্চিম বিহার থেকে উপ-হিমালয় পশ্চিমবঙ্গ, উত্তর বাংলাদেশ হয়ে উত্তর-পূর্ব ভারতের দিকে বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে বৃষ্টি ও ঝড়ের পরিস্থিতি তৈরি হয়েছে। উপ-হিমালয় অঞ্চলের জেলাগুলিতে তুলনামূলক বেশি বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি দমকা হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রায় বড় পরিবর্তন না হলেও, তার পরের কয়েকদিনে ধীরে ধীরে ৩-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। অর্থাৎ ৫ থেকে ৯ এপ্রিল পর্যন্ত রাজ্যের দুই অংশেই ঝড়বৃষ্টি চলবে। তাই প্রয়োজনীয় সতর্কতা নেওয়ার পরামর্শ দিচ্ছে আবহাওয়া দফতর।

