Weather Update
Bengal Liberty, ৫ এপ্রিল :
খরতাপের তীব্রতার মাঝেই অবশেষে স্বস্তির ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া (Weather update)। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজ্যে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে, যার জেরে রবিবার থেকেই বদলাতে শুরু করবে আবহাওয়ার ছবি। ধীরে ধীরে বাড়বে মেঘলা আকাশ, আর মঙ্গল ও বুধবার নাগাদ ঝড়-বৃষ্টির দাপট সবচেয়ে বেশি থাকবে। বৃহস্পতিবার পর্যন্ত এই অস্থির আবহাওয়ার প্রভাব বজায় থাকতে পারে, ফলে তাপমাত্রাও কিছুটা কমে স্বস্তি মিলবে গরম থেকে (Weather update)।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather update)
দক্ষিণবঙ্গে আজ রবিবার দিনের শুরুটা তুলনামূলকভাবে পরিষ্কার আকাশ দিয়েই হলেও, বিকেল বা সন্ধ্যার দিকে আংশিক মেঘলা আকাশের সঙ্গে হালকা ঝড়-বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। রবিবার ও সোমবার বজ্রবিদ্যুৎ সহ দু-এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তন আরও স্পষ্ট হবে। বাড়বে বৃষ্টির পরিমাণ, সঙ্গে কালবৈশাখীর সম্ভাবনাও জোরদার হবে। কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে।
সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া বওয়ার পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হতে পারে।
বুধবার সেই পরিস্থিতি ছড়িয়ে পড়তে পারে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলায়। মেঘলা আকাশ ও বৃষ্টির প্রভাবে তাপমাত্রা প্রায় ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে, ফলে গরমের অস্বস্তি অনেকটাই কমবে।

উত্তরবঙ্গের আবহাওয়া (Weather update)
উত্তরবঙ্গেও আজ থেকেই আবহাওয়ার বদলের ইঙ্গিত মিলছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুর জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
মঙ্গলবার উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচটি জেলায় ঝড়-বৃষ্টির দাপট বাড়বে। বুধবার প্রায় গোটা উত্তরবঙ্গেই কালবৈশাখী পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এর সঙ্গে শিলাবৃষ্টিও হতে পারে, যা কিছু এলাকায় সাময়িক দুর্যোগের পরিস্থিতি তৈরি করতে পারে। অর্থাৎ সপ্তাহের মাঝামাঝি সময়ে উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টি আরও জোরদার হবে। তাই প্রয়োজনীয় সতর্কতা নেওয়ার পরামর্শ দিচ্ছে আবহাওয়া দফতর।
