CISCE board results
Bengal Liberty, ৩০ এপ্রিল:
আজ বৃহস্পতিবার ২০২৬ সালের দশম শ্রেণীর আইসিএসই এবং দ্বাদশ শ্রেণীর আইএসসি শ্রেণীর ফলাফল ঘোষণা করল কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজ়ামিনেশন (CISCE board results)। এবছর রেকর্ড সময়ে ফল প্রকাশ করে নজর কেড়েছে বোর্ড— দশমের ফল প্রকাশিত হয়েছে পরীক্ষা শেষের মাত্র ৩০ দিনের মধ্যে এবং দ্বাদশের ফল ২৬ দিনের মাথায়। অঞ্চলভিত্তিক ফলাফলে আইসিএসসি দশমে পশ্চিমাঞ্চলের রাজ্যগুলি এগিয়ে রয়েছে ৯৯.৮৫ শতাংশ পাশের হার নিয়ে। অন্যদিকে আইএসসি দ্বাদশে দক্ষিণাঞ্চল সেরা, যেখানে পাশের হার ৯৯.৮৭ শতাংশ।

প্রকাশিত হল দশম শ্রেণীর ফল
পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরে দশম শ্রেণীর আইসিএসই পরীক্ষায় পড়ুয়াদের পাশের হার ৯৯.১৮ শতাংশ। মোট ২ লক্ষ ৫৮ হাজার ৭২১ জন পরীক্ষার্থী অংশ নেয়, যার মধ্যে উত্তীর্ণ হয়েছে ২ লক্ষ ৫৬ হাজার ৫৯০ জন। তাদের মধ্যে ছাত্রের সংখ্যা ১ লক্ষ ৩৬ হাজার ০৩২ জন এবং ছাত্রীর সংখ্যা ১ লক্ষ ২০ হাজার ৫৫৮ জন। দশম শ্রেণীতে ছাত্রীদের পাশের হার ৯৯.৪৬ শতাংশ, যেখানে ছাত্রদের ৯৮.৯৩ শতাংশ। এবছর মোট সারাদেশে ২,৯৫৭টি স্কুলে দশমের পরীক্ষা নেওয়া হয়।

দ্বাদশ শ্রেণীর ফল প্রকাশ
অন্যদিকে দ্বাদশ শ্রেণীর আইএসসি পরীক্ষায় পাশের হার ৯৯.১৩ শতাংশ। মোট ১ লক্ষ ৩ হাজার ৩১৩ জন পরীক্ষার্থী অংশ নেয়, যার মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লক্ষ ২ হাজার ৪১৪ জন। তাঁদের মধ্যে ছাত্রের সংখ্যা ৫৩ হাজার ৪৭২ জন, ছাত্রীর সংখ্যা ৪৮ হাজার ৯৪২ জন। একইভাবে দ্বাদশে ছাত্রীদের পাশের হার ৯৯.৪৮ শতাংশ, ছাত্রদের ৯৮.৮১ শতাংশ। মোট ১,৫৫৩টি স্কুলে দ্বাদশের পরীক্ষা নেওয়া হয়েছিল।
পশ্চিমবঙ্গে ভালো ফলাফল
পশ্চিমবঙ্গ থেকেও ভাল ফলাফল এসেছে। কাউন্সিল জানিয়েছে, রাজ্যে আইসিএসসি দশমে ৪৫৭টি স্কুলের ৪৪ হাজার ৪১০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়, যার মধ্যে পাশ করেছে ৪৩ হাজার ৮৯৭ জন। দশমে পাশ করেছে ৯৮.৮৪ শতাংশ পরীক্ষার্থী। আইএসসি দ্বাদশে ৩৪৮টি স্কুলের ২৮ হাজার ৭৯১ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২৮ হাজার ৪৭৩ জন, পাশ করেছে ৯৮.৯০ শতাংশ পড়ুয়া। রাজ্যের ক্ষেত্রেও পাশের হারে ছাত্রীরা এগিয়ে।
ফলাফল কোথায় দেখা যাবে?
সিআইএসসিই জানিয়েছে, দু’ই ক্ষেত্রেই ছাত্রীদের সাফল্য চোখে পড়ার মতো। তবে দু’টি ক্ষেত্রেই মোট পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রীদের থেকে ছাত্রদের সংখ্যাই বেশি ছিল। ফলাফল তাদের নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইট https://cisce.org অথবা https://results.cisce.org –এ দেখা যাবে। এ ছাড়াও ডিজিলকারের ওয়েবসাইট https://results.digilocker.gov.in থেকে ফলাফল জেনে নিতে পারবেন পড়ুয়ারা। পাশাপাশি, খাতা রিভিউয়ের জন্য আবেদন করা যাবে ১ থেকে ৪ মে পর্যন্ত। ইমপ্রুভমেন্ট পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন চলবে ৮ থেকে ১৪ মে। রিভিউয়ের ফল প্রকাশ হবে জুনের প্রথম সপ্তাহে, এবং ইমপ্রুভমেন্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫ জুন। সেই পরীক্ষার ফল প্রকাশ করা হবে জুলাইয়ের শেষ সপ্তাহে।
এবারের ফলাফল শুধু উচ্চ পাশের হার নয়, দ্রুত প্রকাশ এবং ছাত্রছাত্রীদের ধারাবাহিক ভাল পারফরম্যান্সের জন্যও বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে শিক্ষামহল।
