TMC Office Removed
Bengal Liberty:
তৃণমূল জমানায় ‘দখল’ হওয়া বাড়ি ফিরে পেলেন নবদ্বীপের প্রবীণ চিকিৎসক (TMC Office Removed)। রাজ্যে সরকার পরিবর্তনের পর ১ মাসের মাথাতেই নবদ্বীপে উদ্ধার হল ‘দখল’ হয়ে যাওয়া সম্পত্তি। তৃণমূল জমানার শুরুতে নদিয়ার নবদ্বীপের এক প্রবীণ চিকিৎসকের বাড়ির একাংশ জোরপূর্বক দখল করে দলীয় কার্যালয় গড়ে তোলার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। অবশেষে দীর্ঘ এক যুগ পর, রাজ্যে সরকার বদলাতেই রবিবার সেই বাড়ি দখলমুক্ত হল। ১৪ বছর পর নিজের ভিটে সম্পূর্ণভাবে ফিরে পেয়ে খুশি পেশায় চিকিৎসক সুদীপ্ত সরকার।

তৃণমূলের পতনে ফিরল বাড়ি TMC Office Removed
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, নবদ্বীপ পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা চিকিৎসক সুদীপ্তবাবু। তাঁর অভিযোগ, ২০১২ সালে রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার এক বছরের ব্যবধানেই তাঁর ওপর চড়াও হয় শাসকদলের স্থানীয় কিছু নেতাকর্মীরা। সে সময় তাঁর মা অত্যন্ত অসুস্থ ছিলেন এবং তিনি নিজে কর্মসূত্রে রানাঘাটে থাকতেন। সেই সুযোগ নিয়ে প্রবীণ চিকিৎসক ও তাঁর পরিবারকে নানাবিধ হুমকি দেওয়া শুরু হয় তৎকালীন শাসকদলের তরফ থেকে। দায়ের করা হয় মিথ্যা মামলা। এরপরই গায়ের জোরে তাঁর সাধের বাড়ির একাংশ দখল করে সেখানে তৈরি করা হয় তৃণমূলের পার্টি অফিস। এমনকি পরবর্তীতে নিজের বাড়ি সংস্কার করতে গেলেও তাঁকে বাধা দেওয়া হতো বলে অভিযোগ।

তিনি বলেন, “এত বড় বাড়ি থাকতেও আমি গত ১৪ বছর ধরে কার্যত অনাথের মতো জীবন কাটিয়েছি। ২০১৫ সালেও আমি বিভিন্ন স্তরে যোগাযোগ করে অনুরোধ করেছিলাম, যেন পার্টি অফিসের তালাটা খুলে দেওয়া হোক। আমি শুধু বাড়িটা সংস্কার করে শান্তিতে ফিরতে চেয়েছিলাম। কিন্তু কোনও লাভ হয়নি।” অবশেষে রাজ্যে পালাবদলের পর ছবিটা আমূল বদলে যায়। সম্প্রতি সরকারি ত্রাণ সামগ্রী অবৈধভাবে মজুত রাখার অভিযোগে গ্রেফতার হয়েছেন তৃণমূল পরিচালিত নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহা। এলাকার রাজনৈতিক সমীকরণ বদলাতেই রবিবার ওই বাড়ি থেকে তৃণমূলের কার্যালয়টি সরিয়ে সেটিকে সম্পূর্ণ দখলমুক্ত করা হয়।

