CM Suvendu Adhikari
Bengal Liberty, ৪ জুন :
সাগরমালা-২ প্রকল্পে যুক্ত হতে চলেছে পশ্চিমবঙ্গ (CM Suvendu Adhikari)। বন্দরনির্ভর শিল্প, আধুনিক লজিস্টিকস ব্যবস্থা এবং আন্তর্জাতিক বাণিজ্যের নতুন সম্ভাবনা নিয়ে সাগরমালা-২ প্রকল্পে যুক্ত হতে চলেছে। এর ফলে রাজ্যে শিপিং, আমদানি-রপ্তানি, মাল পরিবহণ ও সংশ্লিষ্ট অবকাঠামো উন্নয়নে প্রায় ২২ হাজার ৭০০ কোটি টাকার একাধিক প্রকল্প বাস্তবায়নের পথ খুলছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দাবি, পূর্বতন সরকারের অনীহা ও অদক্ষতার কারণে সাগরমালা-১ এর সুবিধা থেকে বঞ্চিত হয়েছিল বাংলা। তবে এবার কেন্দ্রের সহযোগিতায় জলপথভিত্তিক অর্থনীতি, বন্দর সংযোগ এবং শিল্প-বাণিজ্যের সম্প্রসারণে নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে রাজ্যে। এর ফলে কর্মসংস্থান বৃদ্ধি থেকে শুরু করে পরিবহণ খরচ কমানো, একাধিক ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে (CM Suvendu Adhikari)।

একগুচ্ছ ঘোষণা মুখ্যমন্ত্রীর (CM Suvendu Adhikari)
সাগরমালা-২ প্রকল্পের পাশাপাশি নদীপথ ও বন্দরভিত্তিক পরিকাঠামো উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, রাজ্যে মোট ৪৪টি জেটি তৈরি করা হবে। পাশাপাশি জাতীয় জলপথ প্রকল্পের অধীনে আরও ২৫টি জেটি নির্মাণের কাজও এগোচ্ছে। এছাড়া বাগবাজার, আহিরীটোলা, শোভাবাজার, মল্লিকঘাট, রামকৃষ্ণঘাট এবং বাঁধাঘাটের সৌন্দর্যায়ন ও সংস্কারের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। পুজোর আগেই সেই কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক মানের পর্যটন ও ধর্মীয় অনুষ্ঠানে পরিণত করার লক্ষ্যও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। কপিলমুনির আশ্রম সংলগ্ন সমুদ্রসৈকতের উন্নয়নেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানান তিনি। একই সঙ্গে কলকাতা বন্দর এলাকায় জমি দখল ও বেআইনি কার্যকলাপ রুখতে কঠোর পদক্ষেপের বার্তা দেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক কাজের গতি বাড়াতে পরিবহণ ও শিপিং দপ্তরকে আলাদা করার সিদ্ধান্তও ঘোষণা করা হয়েছে।


