Aroop Biswas
Bengal Liberty, ৮ জুন :
কলকাতা হাইকোর্টে আইনি সুরক্ষাকবচ চেয়ে আবেদন করলেও স্বস্তি পেলেন না রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas)। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সমনে সাড়া দেননি অরূপ। তবে কোনও মেডিক্যাল নথিও জমা দেননি তিনি। এরই মধ্যে মামলার জরুরি ভিত্তিতে মঙ্গলবার শুনানির আবেদন জানালে তাও খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালত স্পষ্ট জানিয়েছে, মামলার শুনানি হবে স্বাভাবিক নিয়ম মেনেই এবং প্রয়োজন হলে প্রাক্তন মন্ত্রী আইন অনুযায়ী আগাম জামিনের আবেদন করতে পারেন। বিচারপতি জানান, গ্রেফতার আশঙ্কা থাকলে ক্রিমিনাল বেঞ্চে মামলা করুন। ফলে মেসি-কাণ্ডে অরূপ বিশ্বাসের অস্বস্তি ক্রমশ বাড়ছে (Aroop Biswas)।

নিয়ম মেনেই শুনানির নির্দেশ হাইকোর্টের (Aroop Biswas)
মেসি-কাণ্ডে তদন্তের চাপের মধ্যেই গ্রেফতারি এড়াতে আইনি সুরক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। তাঁর আইনজীবী মামলার জরুরি ভিত্তিতে মঙ্গলবারই শুনানির আবেদন জানালেও সেই আর্জিতে সাড়া দেয়নি আদালত। বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট করে জানান, মামলার শুনানি আদালতের নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়া মেনেই হবে। তড়িঘড়ি শুনানির আবেদন খারিজ করে আদালত পর্যবেক্ষণ, এ ধরনের মামলাকে আলাদা করে অগ্রাধিকার দেওয়ার সুযোগ নেই। পাশাপাশি, যদি সত্যিই গ্রেফতারির আশঙ্কা থাকে, তাহলে আইন অনুযায়ী আগাম জামিনের আবেদন করার পরামর্শও দেন বিচারপতি।

সোমবারই থানায় হাজিরার নির্দেশ অরূপকে (Aroop Biswas)
মেসিকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিতে আরও দু’সপ্তাহ সময় চেয়েছিলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তবে সেই আবেদন নাকচ করে দিয়েছে বিধাননগর পুলিশ। অরূপ বিশ্বাসের বাড়িতে টাঙিয়ে দেওয়া দু’টি নোটিসে স্পষ্ট জানানো হয়েছে, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি হাজিরা এড়াতে চাইলেও কোনও মেডিক্যাল নথি বা রিপোর্ট জমা দেননি। ফলে তাঁর অসুস্থতার দাবিকে গ্রহণ করা সম্ভব নয় বলেই জানিয়েছে পুলিশ। সেই কারণেই তাঁকে সোমবার বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তের স্বার্থে নির্ধারিত সময়েই তাঁকে উপস্থিত থাকতে হবে বলে নোটিসে উল্লেখ করেছে পুলিশ। অরূপের বক্তব্য, আমার ভাইকে গ্রেফতার করা হয়েছে। আমিও যে কোনও সময় গ্রেফতারের আশঙ্কা করছি৷ গত ১৩ মে অভিযোগ। আর ৬ মাস পরে পুলিশ পদক্ষেপ করছে। পুলিশ আজও ডেকে পাঠিয়েছে।


