Madan Mitra
Bengal Liberty, ১২ জুন :
পুর নিয়োগ দুর্নীতি তদন্তে ফের সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (Madan Mitra)। শনিবার ভোর হতেই কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের বাড়ি সহ কলকাতা ও শহরতলির মোট ৮ জায়গায় তল্লাশি অভিযান শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কামারহাটি পুরসভার নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগকে ঘিরে তথ্য ও নথি সংগ্রহের উদ্দেশ্যেই এই অভিযান বলে তদন্তকারী সূত্রের দাবি (Madan Mitra)।

কলকাতা থেকে কামারহাটি, একাধিক ঠিকানায় ইডির তল্লাশি (Madan Mitra)
সূত্রের খবর, শনিবার সকাল থেকেই ইডির একাধিক দল মদন মিত্রের ভবানীপুর ও কালীঘাটের বাসভবনে তল্লাশি চালায়। একইসঙ্গে কলকাতা ও শহরতলির আরও কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় অভিযান চালানো হয়। তদন্তকারীদের মূল লক্ষ্য ছিল কামারহাটি পুরসভার নিয়োগ সংক্রান্ত নথি, আর্থিক লেনদেনের তথ্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের সূত্র খতিয়ে দেখা। যদিও এই মুহূর্তে মদন মিত্র ঠিক কোন বাসভবনে ছিলেন, তা নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছে। কেন্দ্রীয় সংস্থা এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জানায়নি, এই মামলায় বিধায়কের বিরুদ্ধে সরাসরি কোনও অভিযোগ রয়েছে কি না। তবে পুর নিয়োগ দুর্নীতির তদন্তে তাঁর নাম উঠে আসায় রাজনৈতিক মহলে জল্পনা আরও তীব্র হয়েছে।

বিস্ফোরক মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই অভিযান, বাড়ল রাজনৈতিক চাপানউতোর (Madan Mitra)
ইডি-র এই তল্লাশি ঘিরে রাজনৈতিক তাৎপর্যও কম নয়। কারণ, অভিযানের ঠিক আগের রাতেই কামারহাটি পুরসভাকে কেন্দ্র করে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছিলেন মদন মিত্র। পুরপ্রধান গোপাল সাহার প্রতি আচরণের প্রতিবাদ জানিয়ে তিনি কামারহাটির সমস্ত কাউন্সিলারকে পদত্যাগের আহ্বান জানিয়েছিলেন। পাশাপাশি বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে দাবি করেছিলেন, রাজনৈতিক অপমানের জবাব গণতান্ত্রিক লড়াইয়ের মাধ্যমেই দেওয়া হবে। সেই মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই তাঁর বাড়িতে ইডির হানা রাজনৈতিক মহলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।



