Aroop Biswas
Bengal Liberty :
তৃণমূল কংগ্রেসের অন্দরের বিভাজন আরও স্পষ্ট হয়ে উঠল দলীয় তহবিল ঘিরে নতুন বিতর্কে (Aroop Biswas)। দলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেন স্থগিত রাখার আবেদন জানিয়ে একটি বেসরকারি ব্যাঙ্ককে চিঠি দিয়েছেন প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। যদিও তৃণমূল নেতা কুণাল ঘোষ ভিডিও বার্তায় অরূপকে ‘প্রাক্তন কোষাধ্যক্ষ’ বলে উল্লেখ করেছেন। অন্যদিকে, অরূপের দাবিকে সমর্থন জানিয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ফলে রাজনৈতিক তরজা আরও তীব্র হয়েছে।

লোকসভা নির্বাচনে দলের ভরাডুবির পর থেকেই তৃণমূল নেতৃত্বের সঙ্গে অরূপ বিশ্বাসের দূরত্ব প্রকাশ্যে এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা একটি বৈঠকে তাঁকে দেখা গেলেও, পরবর্তী সময়ে দলীয় কর্মকাণ্ডে তাঁর সক্রিয় উপস্থিতি বিশেষ লক্ষ্য করা যায়নি।
সূত্রের খবর, ১৬ জুন তৃণমূলের কোষাধ্যক্ষ পরিচয়ে কলকাতার সেন্ট্রাল প্লাজা এলাকার একটি বেসরকারি ব্যাঙ্ক শাখার ম্যানেজারের কাছে চিঠি দেন অরূপ বিশ্বাস। ওই চিঠিতে তিনি দলীয় অ্যাকাউন্টের সমস্ত ধরনের লেনদেন সাময়িকভাবে স্থগিত রাখার আবেদন জানান। তাঁর দাবি, দলের সাংগঠনিক পরিস্থিতি ও তহবিলের নিয়ন্ত্রণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন।

অরূপকে সমর্থন ঋতব্রতর Aroop Biswas
অন্যদিকে, বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে অরূপের এই পদক্ষেপকে সমর্থন করেন ‘আসল তৃণমূল’-এর বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “অরূপ বিশ্বাসের চিঠির যথেষ্ট সারবত্তা রয়েছে। ওই অ্যাকাউন্টে চুরির টাকা বা কাটমানির টাকা নেই, তার নিশ্চয়তা কী? তাই তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার দাবিকে আমরা সমর্থন করছি।”

এদিকে চিঠির বিষয়টি প্রকাশ্যে আসার পর ভিডিও বার্তায় কুণাল ঘোষ নাম না করেই ইঙ্গিত দেন যে অরূপ বিশ্বাস বর্তমানে দলের কোষাধ্যক্ষ নন। তিনি জানান, ৫ জুন ওয়ার্কিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বর্তমানে দলের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তী।
একদিকে অরূপ বিশ্বাসের পদক্ষেপ নিয়ে দলের অভ্যন্তরে প্রশ্ন উঠেছে, অন্যদিকে তাঁর দাবির প্রতি বিরোধী দলনেতার সমর্থন রাজনৈতিক তাৎপর্য আরও বাড়িয়ে দিয়েছে। সব মিলিয়ে তৃণমূলের অভ্যন্তরীণ টানাপোড়েন এবং দলীয় তহবিল ঘিরে বিতর্ক নতুন মাত্রা পেয়েছে।


