Jahangir Khan
Bengal Liberty : ফলতা থানায় হামলা এবং অভিযুক্ত পুষ্পাকে ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টার ঘটনায় গ্রেফতার পুষ্পার স্ত্রী (Jahangir Khan)। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর থেকেই অভিযুক্তদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান শুরু হয়েছিল। সেই অভিযানের জেরেই এবার গ্রেফতার হলেন মূল চক্রী তথা জাহাঙ্গির খানের স্ত্রী, যাঁর বিরুদ্ধে থানায় হামলার ঘটনায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর বিষ্ণুপুরের জুলপিয়া এলাকা থেকে তাঁকে গ্রেফতার করেছে ডায়মন্ড হারবার জেলা পুলিশ। এই গ্রেফতারের ফলে মামলার তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা (Jahangir Khan)।

থানায় হামলার পরিকল্পনা (Jahangir Khan)
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৬ মে ফলতায় গ্রেফতার হওয়া জাহাঙ্গির খানকে ছাড়িয়ে আনতেই তাঁর স্ত্রীর নেতৃত্বে বৃহৎ বিক্ষোভ ও থানায় হামলার পরিকল্পনা করা হয়েছিল। সেদিন ফলতার শতল কলসায় এলাকায় কয়েক ঘণ্টা ধরে উত্তেজনা ও বিক্ষোভ চলার পর জাহাঙ্গিরের অনুগামীরা ফলতা থানার দিকে মিছিল করে এগিয়ে যায়। গোয়েন্দা সূত্রে আগে থেকেই খবর ছিল, ওই ভিড় থানায় হামলা চালিয়ে জাহাঙ্গিরকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে। সেই আশঙ্কা থেকেই পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী আগে থেকেই সতর্ক ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাহিনী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার জন্য লাঠিচার্জ করে। পুলিশি তাড়া খেয়ে বহু বিক্ষোভকারী এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করেন। প্রাণ বাঁচাতে অনেকে পুকুরে ঝাঁপ দেন। সেই ঘটনার সিসিটিভি ফুটেজ সম্প্রতি প্রকাশ্যে আসতেই নতুন করে চাঞ্চল্য ছড়ায়।
তদন্তে উঠে এসেছে, গোটা ঘটনায় অন্যতম প্রধান ভূমিকা পালন করেছিলেন জাহাঙ্গিরের স্ত্রী। এরপরই তাঁর বিরুদ্ধে থানায় হামলা, সরকারি কাজে বাধা এবং আইনশৃঙ্খলা ভঙ্গের একাধিক ধারায় মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকেই তিনি গা ঢাকা দিয়েছিলেন বলে পুলিশ জানিয়েছে। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে বিষ্ণুপুরের জুলপিয়া এলাকায় এক পরিচিতের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় এখনও পর্যন্ত মোট ২৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তকারীদের দাবি, হামলার নেপথ্যে কারা ছিল এবং কীভাবে পরিকল্পনা করা হয়েছিল, তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।



