Weather Alert
Bengal Liberty : টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে ইতিমধ্যেই জলমগ্ন হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক এলাকা (Weather Alert)। নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ, সকলকেই ভোগান্তির মুখে পড়তে হয়েছে। তবে দীর্ঘদিনের দাবদাহ ও অস্বস্তিকর গরমের পর এই বৃষ্টি অনেকটাই স্বস্তি এনে দিয়েছে রাজ্যবাসীকে। এরই মাঝে আজ জামাইষষ্ঠী। ঘরে ঘরে উৎসবের প্রস্তুতি থাকলেও আকাশের মুখ ভার। সকাল থেকেই কালো মেঘে ঢাকা আকাশ দেখে অনেকেরই প্রশ্ন, দিনের বাকি সময় কি আরও দুর্যোগের আশঙ্কা রয়েছে? আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, বঙ্গোপসাগরের উপর অবস্থানরত ঘূর্ণাবর্তের প্রভাবে আজও রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার দাপট অব্যাহত থাকতে পারে (Weather Alert)।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Alert)
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান জেলায় কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।এছাড়াও নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং উত্তর ২৪ পরগনা সহ বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দিনের বিভিন্ন সময়ে দমকা হাওয়া ও ঝড়বৃষ্টির জেরে স্বাভাবিক জনজীবন কিছুটা ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উত্তরবঙ্গের আবহাওয়া (Weather Alert)
উত্তরবঙ্গে পরিস্থিতি আরও উদ্বেগজনক। পাহাড় ও ডুয়ার্স অঞ্চলে আজও প্রবল থেকে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই কারণে একাধিক জেলায় লাল ও কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় অতি প্রবল ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় লাল সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে দার্জিলিং ও কালিম্পং জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় জারি রয়েছে কমলা সতর্কতা।


