speaker clash with kunal
Bengal Liberty:
বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে স্পিকার রথীন্দ্র বোসের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ালেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। মঙ্গলবার বাজেট অধিবেশনের আলোচনায় অংশ নিতে গিয়ে তিনি বিজেপি বিধায়কদের কটাক্ষ করতে শুরু করলে স্পিকার আপত্তি জানান। এরপরই দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। স্পিকার রথীন্দ্র বোসের অভিযোগ, কুণাল ঘোষের বক্তব্যের বড় অংশই ব্যক্তিগত ও রাজনৈতিক আক্রমণাত্মক মন্তব্যে ভরা, যা বিধানসভার কার্যবিবরণীতে রাখা সম্ভব নয়। অন্যদিকে, তাঁকে বক্তব্য রাখতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ তোলেন কুণাল।

আমি কি আপনাকে রসগোল্লা খাওয়াব নাকি? Kunal Ghosh
স্পিকারকে উদ্দেশ করে কুণাল বলেন, “আপনি আমাকে স্বাভাবিকভাবে বলতে দেবেন, নাকি অন্য দল বা আপনাদের দলের সদস্যরা বক্তব্য রাখার সময় আমরাও একইভাবে বাধা দেব? মনে রাখবেন, গলার জোর শুধু আপনাদের একার নয়, আমাদেরও আছে।” এর জবাবে স্পিকার বলেন, “আপনি সম্পূর্ণ অবান্তর কথা বলছেন। আপনার বক্তব্যের বেশিরভাগ অংশ কার্যবিবরণী থেকে বাদ যাবে।” তবে তাতেও থামেননি কুণাল ঘোষ। তিনি বলেন, “একদিকে রাজ্যে সন্ত্রাস ও হামলার অভিযোগ উঠছে, অন্যদিকে বিধানসভার ভিতরে কথা বলতে দেওয়া হচ্ছে না। আমরা যখন বলছি, তখন বাধা দেওয়া হচ্ছে। আপনি স্পিকারের আসনে বসে আমার সঙ্গে এভাবে কথা বলবেন না। মনে রাখবেন, আপনিও প্রথমবার স্পিকার হয়ে এসেছেন।” অন্যদিকে কুণাল ঘোষের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ আনতে চলেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

প্রথমবার বিধানসভার অন্দরে স্পিকার ও শাসকদলের এক বিধায়কের মধ্যে প্রকাশ্য এই বচসাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে শোরগোল শুরু হয় সভাকক্ষে। কুণাল ঘোষের বক্তব্য ঘিরে শাসক ও বিরোধী উভয় পক্ষের সদস্যদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। ফলে মঙ্গলবারের বাজেট অধিবেশনের প্রথমার্ধের আলোচনা কার্যত উত্তেজনাপূর্ণ পরিবেশের মধ্যেই এগোয়।


