Weather Alert
Bengal Liberty : উত্তর-পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন বাংলাদেশ এলাকার উপর বায়ুমণ্ডলের উচ্চ স্তরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে (Weather Alert)। যে কারণে নতুন করে সক্রিয় হতে চলেছে বৃষ্টি। এর প্রভাবে আগামী কয়েক ঘণ্টার মধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি ও গরম থেকে খুব বেশি স্বস্তি মিলবে না বলেই ইঙ্গিত আবহাওয়াবিদদের। অন্যদিকে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে জারি করা হয়েছে সতর্কতাও (Weather Alert)।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Alert)
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। যেসব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তার মধ্যে রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদ। দিনের বিভিন্ন সময়ে মেঘলা আকাশের পাশাপাশি দফায় দফায় বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গের আবহাওয়া (Weather Alert)
উত্তরবঙ্গে বৃষ্টির দাপট আরও বেশি থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টির আশঙ্কায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।



