Bengal Liberty:
তৃণমূল কংগ্রেসে বড়সড় ভাঙনের ইঙ্গিত। কোন্নগর পুরসভার পুরপিতা (কাউন্সিলর) বিশ্বরূপ চক্রবর্তী এবং রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের প্রাক্তন সাধারণ সম্পাদক অরিজিৎ বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেসের সদর দফতর বিধান ভবনে জাতীয় কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন (TMC Leaders)। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার তাঁদের কংগ্রেস পরিবারে স্বাগত জানান। এদিনের যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সুমন রায় চৌধুরী, হুগলি-১ জেলার পর্যবেক্ষক আজমল খান, দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি মহম্মদ রফিক-সহ হুগলি-১ জেলার একাধিক কংগ্রেস নেতা।

কংগ্রেসে যোগ দিলেন তৃণমূলের দুই নেতা
কংগ্রেসের দাবি, এই যোগদান কেবল শুরু। আগামী দিনে হুগলি জেলা থেকে আরও একাধিক জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতা কংগ্রেসে যোগ দিতে পারেন। ফলে জেলার রাজনৈতিক সমীকরণে নতুন পরিবর্তনের ইঙ্গিত মিলছে বলে মনে করছে রাজনৈতিক মহল। উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনের পর থেকেই হুগলি জেলা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূলের অন্দরে চোরা স্রোত লক্ষ্য করা যাচ্ছিল। দলের একাংশের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে শীর্ষ নেতৃত্বের একাংশ ক্ষোভপ্রকাশও করেছেন। হুগলির এই দুই নেতার হাত ধরে বিধান ভবনে কংগ্রেসের এই উত্থান আগামী দিনে পশ্চিমবঙ্গের জেলা রাজনীতিতে যথেষ্ট প্রভাব ফেলবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।


