Humayun Kabir
Bengal Liberty:
আইনি জট এবং অভ্যন্তরীণ ক্ষোভের সাঁড়াশি চাপে আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীর (Humayun Kabir)। বিতর্কিত মন্তব্যের জেরে যখন পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে তাঁকে, ঠিক তখনই বড়সড় ভাঙন ধরল তাঁর নিজের দলেই। এবার দলের মুর্শিদাবাদ জেলা সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন বিজয় শেখ। গতকাল রাতে একটি ভিডিও বার্তা প্রকাশ করে দল ছাড়ার কথা ঘোষণা করেন তিনি। আজই তাঁর আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেওয়ার কথা। বিজয়ের পাশাপাশি দলের আরও দুই অঞ্চল সভাপতিও ইস্তফা দিচ্ছেন বলে জানা গিয়েছে।

হুমায়ুনের দলে ভাঙন
২৪ ঘণ্টা আগেই হুমায়ুনের পাশে দেখা গিয়েছিল মুর্শিদাবাদ জেলা সভাপতিকে। কিন্তু রাত গড়াতেই ছবিটা সম্পূর্ণ বদলে যায়। ভিডিও বার্তায় ক্ষোভ উগরে দিয়ে বিজয় অভিযোগ করেন, দলে নিষ্ঠাবান কর্মীদের কোনও মূল্যায়ন নেই। বরং কিছু ‘লম্পট’ ও সুযোগসন্ধানী নেতার কথাতেই দল পরিচালিত হচ্ছে এবং খেয়ালখুশিমতো পদ বিলিয়ে দেওয়া হচ্ছে। তাঁর আরও দাবি, আগে কোনওদিন রাজনীতি না করা কিছু মানুষ এই দলে এসে হঠাৎই নিজেদের অনেক বড় কিছু ভাবতে শুরু করেছেন। এই ধরণের অনভিপ্রেত পরিস্থিতির কারণেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তবে দলের নীতি নিয়ে তীব্র Humayun Kabirক্ষোভ প্রকাশ করলেও, চেয়ারম্যান হুমায়ুন কবীরের প্রতি ব্যক্তিগত শ্রদ্ধা ও সম্মান বজায় থাকবে বলেই জানিয়েছেন বিদায়ী জেলা সভাপতি।
রাজনৈতিক মহলের মতে, এই দলত্যাগ হুমায়ুনের জন্য বড় ধাক্কা। বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে উসকানিমূলক মন্তব্য এবং পুলিশকে হুমকি দেওয়ার জোড়া মামলায় এমনিতেই কোণঠাসা হয়ে রয়েছেন এই দাপুটে নেতা। সেই অস্বস্তির আবহেই এবার খোদ জেলা সভাপতির ‘নীতিগত প্রশ্নে’ পদত্যাগ তাঁর রাজনৈতিক চাপ আরও বাড়িয়ে দিল।

