CM Suvendu Adhikari
Bengal Liberty : বারুইপুরে পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। পৌঁছনোর সাথে সাথেই প্রথমে নির্যাতিতার বাড়িতে যান। সেখানে তাঁর পরিবারের সদস্যদের সাথে ৫ মিনিট কথা বলেন। তারপরই সেখান থেকে বেরিয়ে বারুইপুরে নাবালিকা ধর্ষণ-খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনায় গণপিটুনিতে মৃত ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। সেখানে মৃতের দাদার হাতে নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। এছাড়া নির্যাতিতার পরিবারের দাবি মেনে সূর্যপুরে স্থায়ী পুলিশ ফাঁড়ি তৈরির নির্দেশ দিয়েছিলেন শুভেন্দু। আজ, রবিবার সেই পুলিশ ফাঁড়ির উদ্বোধন করলেন তিনি। শুভেন্দুর এই পদক্ষেপে খুশি স্থানীয় বাসিন্দারা (CM Suvendu Adhikari)।

‘ধর্ষক খুনিরা ভয়ে থাকুন’ হুঁশিয়ারি শুভেন্দুর
বারুইপুর ধর্ষণ খুনের ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে ৪ জন। পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে নাবালিকা ধর্ষণ ও খুনের মামলার মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলের। এক সপ্তাহের মধ্যে নির্যাতিতার পরিবারের সাথে দেখা করলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ” পরিবারের প্রত্যেকে আমাদের উপর আস্থা রেখেছেন। পরিবারের প্রতি আমরা কৃতজ্ঞ। চারজনের বিরুদ্ধে অভিযোগ ছিল, চারজনকেই পুলিশ এবং এসটিএফ খুব দ্রুত গ্রেফতার করেছে।” অভিযুক্তরা বসিরহাট সীমান্ত পর্যন্ত পালিয়ে গিয়েছিল। সেখান থেকেই তাদের গ্রেফতার করা হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, “আমি আজ পরিবারের সঙ্গে দেখা করে এসেছি। তাঁদের আশ্বস্ত করেছি, অভিযুক্তদের হেফাজতে নিয়ে তদন্ত হবে এবং মুখ্যমন্ত্রীর মনিটরিংয়ে পুরো তদন্ত প্রক্রিয়া চলবে।” তারপরই তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে ধর্ষক, খুনিদের।

ইন্দ্রজিতের হত্যাকাণ্ডে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর
ইন্দ্রজিত হত্যাকাণ্ডের তদন্তে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেন, ইন্দ্রজিতকে তাঁর নাম-পরিচয় দেখেই খুন করা হয়েছে। ঘটনার পিছনে কোনও মৌলবাদী গোষ্ঠীর যোগ থাকতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। পাশাপাশি ভোটে পরাজিতদের উস্কানিও এই ঘটনার নেপথ্যে থাকতে পারে বলে অভিযোগ করেন। তিনি বলেন “ইন্দ্রজিতের প্রত্যেকটা খুনির চূড়ান্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।” ইন্দ্রজিতের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে শুভেন্দু জানান, পরিবারের দায়িত্ব সরকার নিয়েছে। ডিজিপির উদ্যোগে একটি সিভিক ভলেন্টিয়ারের চাকরি দেওয়া হয়েছে মৃতের দাদাকে।

এছাড়া ঘটনার পর বিশৃঙ্খলার ঘটনায় রেললাইনে লোহার বিম ফেলে নাশকতার চেষ্টার ঘটনাতেও তীব্র প্রতিক্রিয়া দেন তিনি। তিনি দাবি করেন, “যারা রেললাইনে লোহার বিম ফেলেছিল, তারা কখনও ভারতপ্রেমী হতে পারে না। দেশের ক্ষতি করার যে কোনও চক্রান্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” শেষে কড়া বার্তা দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, “খুনি-ধর্ষকরা ভয়ে থাকুক। আইন তার নিজের পথে চলবে। অপরাধীদের কোনওভাবেই রেহাই দেওয়া হবে না।”

আরও পড়ুন :
Baruipur : বারুইপুরে অশান্তিতে উস্কানি দেওয়ার অভিযোগে গ্রেফতার আরও ৩

