Suvendu Adhikari
উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী

বুধবার আলিপুরদুয়ারে শুভেন্দু, চা-শ্রমিকদের নজর নতুন ঘোষণায়!

জেলা প্রশাসন সূত্রে খবর, বুধবার দুপুর ১টা নাগাদ হাসিমারা বায়ুসেনা ঘাঁটিতে অবতরণ করবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে হেলিকপ্টারে ডাঙ্গি আশ্রম মাঠের হেলিপ্যাডে পৌঁছবেন তিনি। এরপর যাবেন লোকনাথপুর আশ্রম হস্টেলে। সেখানে আবাসিক ছাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলবেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি রাজ্যের ২৫০টি হস্টেলের আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে মতবিনিময় করারও কথা রয়েছে তাঁর। হস্টেলগুলির পরিস্থিতি এবং আবাসিকদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এরপর লোকনাথপুর আশ্রম হস্টেল থেকে ময়নাবাড়ির হাতিপোতা মোড়ে যাবেন মুখ্যমন্ত্রী। সেখানে আদিবাসী জননায়ক বীরসা মুণ্ডার মূর্তি উন্মোচন করবেন তিনি।

মূর্তি উন্মোচনের পর কুমারগ্রাম বিধানসভা কেন্দ্রের রায়ডাক গলফ কোর্সের মাঠে আয়োজিত জনজাতীয় গৌরব দিবসের মূল অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। জনজাতি সমাজের ঐতিহ্য, সংগ্রাম ও আত্মপরিচয়কে সামনে রেখেই এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রীর সফর নির্বিঘ্নে সম্পন্ন করতে কোমর বেঁধে নেমেছে জেলা প্রশাসন। কর্মসূচির প্রতিটি পর্ব ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নিরাপত্তার দিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে।

তবে প্রশাসনিক প্রস্তুতির পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও বাড়ছে আগ্রহ। বিশেষ করে চা-বলয়ের শ্রমিকদের প্রত্যাশা অনেকটাই বেশি। এর আগে চা-শ্রমিকদের জন্য বোনাস ও ভাতার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। এবার আলিপুরদুয়ারের মঞ্চ থেকে তাঁদের জন্য নতুন কোনও বার্তা বা সুবিধার ঘোষণা আসে কি না, সেই আশাতেই বুক বাঁধছেন উত্তরের চা-শ্রমিকরা।

Dipsikha Mandal
দীপশিখা মণ্ডল

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২০২৩ সালে সাংবাদিকতা জগতে প্রবেশ। ETV ভারত, এক্সপ্রেস নিউজ ঘুরে এখন বেঙ্গল লিবার্টি-তে। বিনোদন, দেশ দুনিয়ার খবরের প্রতি আগ্রহ রয়েছে। ঝোঁক বেশি রাজ্য এবং জেলার খবরে। ফটোগ্রাফিতেও সময় কাটে। অসময়ের সঙ্গী বই আর সিনেমা। নেশার বস্তু কফি, প্রকৃতি আর কবিতা।