21st July Shahid Diwas
Bengal Liberty: ২১ জুলাইয়ের শহিদ দিবসকে সামনে রেখে বিড়লা তারামণ্ডলের পাশে সভার চূড়ান্ত প্রস্তুতি ও রূপরেখা নিয়ে লালবাজারের সঙ্গে সমন্বয় বৈঠক করলেন তৃণমূল নেতৃত্ব। শনিবার বিকেলে কুণাল ঘোষ ও বৈশ্বানর চট্টোপাধ্যায় পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং এরপরই যৌথভাবে সমাবেশস্থল পরিদর্শনে যান।

বৈঠকের উদ্দেশ্য (21st July Shahid Diwas)
কলকাতা হাইকোর্ট বিড়লা তারামণ্ডলের পাশে সভার অনুমতি দিলেও মঞ্চ নির্মাণ ও প্যান্ডেল সাজানোর ক্ষেত্রে যাতে কোনো আইনি জটিলতা বা বিকৃত প্রচার না হয়, তা নিশ্চিত করাই এই সফরের মূল লক্ষ্য। কুণাল ঘোষ জানিয়েছেন, আদালতের বেঁধে দেওয়া সমস্ত শর্ত তাঁরা অক্ষরে অক্ষরে মেনে চলছেন। পরবর্তীতে যাতে কোনো বিতর্ক তৈরি না হয়, সেজন্যই পুলিশের উপস্থিতিতে সরাসরি জায়গাটি পরিদর্শন করে প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে।

হাইকোর্টের কড়া শর্ত (21st July Shahid Diwas)
বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ এই সভার জন্য বেশ কিছু কঠোর গাইডলাইন বেঁধে দিয়েছে, সমাবেশে আড়াই থেকে তিন হাজার মানুষের বেশি জমায়েত করা যাবে না, যা নিয়ন্ত্রণের দায়িত্ব আয়োজক, দুপুর ১২টা থেকে বিকেল ৩টের মধ্যেই সভার সমস্ত কর্মসূচি শেষ করতে হবে। ব্যস্ত রাস্তায় সভা হলেও সাধারণ মানুষের চলাচলের সুবিধা বজায় রাখতে হবে এবং ফুটপাত ও রাস্তা সচল রাখতে হবে।
ধর্মতলায় মূল সভার অনুমতি না মেলায় তারামণ্ডলের পাশের এই সভাকে ঘিরে এখন চূড়ান্ত প্রস্তুতি চলছে। আজকের যৌথ পরিদর্শনের মাধ্যমেই সভার চূড়ান্ত নকশা ও রূপরেখা নির্ধারিত হবে বলে মনে করা হচ্ছে।

