NCPI
Bengal Liberty
সংসদে পৃথক রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের পথে ‘ন্যাশনাল সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া’ (NCPI)। লোকসভার স্পিকারের আনুষ্ঠানিক স্বীকৃতি এখনও না মিললেও, কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সর্বদলীয় বৈঠকে যোগ দেওয়ার জন্য এনসিপিআই-এর লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছেন।

স্বীকৃতির আগেই সংসদে এনসিপিআই (NCPI)
গত ১৮ জুলাই পাঠানো এক চিঠিতে কিরেন রিজিজু জানান, সুদীপ বন্দ্যোপাধ্যায়সহ মোট ২০ জন সাংসদ এনসিপিআই-তে যোগ দিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে পৃথক দল হিসেবে স্বীকৃতির আবেদন জানিয়েছেন। আবেদনটি এখনও স্পিকারের বিবেচনাধীন। তবে আসন্ন বাদল (বর্ষাকালীন) অধিবেশনকে সামনে রেখে সর্বদলীয় বৈঠকে এনসিপিআই-এর প্রতিনিধিত্ব নিশ্চিত করতেই এই আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী ১৯ জুলাই সকাল ১১টায় সংসদ ভবন অ্যানেক্সের মেইন কমিটি রুমে এই সর্বদলীয় বৈঠকটি অনুষ্ঠিত হতে চলেছে। বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের ফ্লোর লিডারদের (সংসদীয় দলনেতা) পাশাপাশি এনসিপিআই-এর চিফ হুইপ ড. কাকলি ঘোষ দস্তিদারকেও উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

রাজনৈতিক মহলের মতে, লোকসভার স্পিকারের আনুষ্ঠানিক সিদ্ধান্তের আগেই কেন্দ্রের এই আমন্ত্রণ এনসিপিআই-কে সংসদীয় স্তরে কার্যত স্বীকৃতি দেওয়ারই ইঙ্গিত। আগামী ২০ জুলাই থেকে শুরু হতে চলা সংসদের বাদল অধিবেশনে নতুন এই দলের ভূমিকা ও উপস্থিতি নিয়ে ইতিমধ্যেই জাতীয় রাজনীতিতে জোর আলোচনা শুরু হয়েছে।

